রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সভাপতি পদে সরকার-সমর্থকদের পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী সংসদের নির্বাচনে সভাপতি পদ হারিয়েছে সরকার-সমর্থক আওয়ামীপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল। আজ সোমবার অনুষ্ঠিত সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের মু. আজহার আলী।সভাপতি ও একটি সদস্যপদ ছাড়া বাকি ১৩টি পদে জয় পেয়েছেন হলুদ প্যানেলের প্রার্থীরা। ভোট নেওয়ার পর সন্ধ্যায় নির্বাচন কমিশনার রুহুল আমিন বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।বিজয়ী প্রার্থীরা হলেন: সাধারণ সম্পাদক পদে সুলতান-উল-ইসলাম, সহসভাপতি পদে এ কে এম শফিউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে শীতাংশু কুমার পাল, সদস্যপদে রেজিনা লাজ, তারিকুল হাসান, ওমর ফারুক সরকার, শাহিদুল আলম, মু. আলী আসগর, তাজুল ইসলাম, এম ইমতিয়াজ, তপন কুমার রায়, রস্তম আলী আহমেদ এবং সাদা দলের কে বি এম মাহবুবুর রহমান। গতবারের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালনকারী মুন্সি মুনজুরুল হক এবার সদস্যপদে নির্বাচন করে হেরে গেছেন। এদিকে, প্যানেল ভোটে হলুদ প্যানেল পেয়েছে ৩৩২ ভোট এবং সাদা প্যানেল পেয়েছে ২৭৬ ভোট। নির্বাচন কমিশনার রুহুল আমিন বলেন, নির্বাচনে এক হাজার ১৬৫ জন শিক্ষকের মধ্যে ৯৯২ জন ভোট দিয়েছেন। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়। নির্বাচন নিয়ে এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।সভাপতি মু. আজহার আলী জেতার পর প্রথম আলো ডটকমকে বলেন, ‘শিক্ষকেরা আমাকে সভাপতি পদে নির্বাচিত করার মাধ্যমে বর্তমান প্রশাসনের নানা অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের প্রতিবাদ জানিয়েছেন। তাই এ বিজয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের।’ তিনি সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষকদের কল্যাণে কাজ করার প্রত্যাশা জানান।