রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ২ ডিসেম্বর
দীর্ঘ ১৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অষ্টম সমাবর্তন হতে যাচ্ছে। আগামী ২ ডিসেম্বর এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান এ কথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ২০১২-২০১৩ সদস্যরা উপাচার্যের সঙ্গে সৌজন্যসাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা জানান। উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। সে হিসাবে ৫৯ বার সমাবর্তন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সমাবর্তন হয়েছে মাত্র সাতবার। ক্যাম্পাসে সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালের ২৯ নভেম্বর। এরপর আর কোনো সমাবর্তন হয়নি। তাই আগামী ২ ডিসেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই সমাবর্তনে ১৯৯৮ সালের পরবর্তী ১০ বছরের স্নাতক ডিগ্রিধারীদের মূল সনদ দেওয়া হবে বলেও জানান তিনি। এ ছাড়া উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে আরও পাঁচটি বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অনুমোদন পেলে আগামী শিক্ষাবর্ষে ওই বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও জানান তিনি। উপাচার্য আরও জানান, শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে ক্যাম্পাসে শেখ হাসিনা ও শহীদ কামারুজ্জামানের নামে দুটি হল, চারটি অনুষদের নতুন ডিনস কমপ্লেক্স ও সহ-উপাচার্যের বাসভবন নির্মাণসহ বেশ কিছু যন্ত্রপাতি কেনা হবে।