রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহকর্মীর মামলায় শিক্ষককে আটকের নির্দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের করা মামলায় আদালত আরেকজন শিক্ষককে আটকের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ উপেক্ষা করে সভাপতির দায়িত্ব পালনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি হাসান তারীককে আদালত সিভিল জেলে (দেওয়ানি কারাগারে) আটকের নির্দেশ দিয়েছেন। আদালতের এ নির্দেশের কপি গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগে পৌঁছেছে। ওই বিভাগের অধ্যাপক আমিনুল হকের করা আদালত অবমাননার মামলায় আদালত এ নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট বিভাগ ও আদালত সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে অধ্যাপক আমিনুল হককেই বিভাগের সভাপতি হওয়ার কথা। কিন্তু গত বছরের ১৬ সেপ্টেম্বর সহযোগী অধ্যাপক এম হাসান তারীক সভাপতি হিসেবে যোগদানের চিঠি পান। এ ঘটনায় গত বছরের ২৩ সেপ্টেম্বর অধ্যাপক আমিনুল হক বাদী হয়ে রাজশাহী জজ কোর্টে একটি মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সোবহান, রেজিস্ট্রার এম এ বারী এবং অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি হাসান তারীককে অভিযুক্ত করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালত ওই বিভাগের সভাপতির পদে হাসান তারীকের যোগদানের ব্যাপারে স্থগিতাদেশ জারি করে। কিন্তু হাসান তারীক আদালতের নির্দেশ উপেক্ষা করে গত বছরের ১ নভেম্বর সভাপতি পদে যোগদান করেন। এরপর অধ্যাপক আমিনুল হক হাসান তারীকের বিরুদ্ধে আদালত অবমাননার আরেকটি মামলা করেন।অধ্যাপক আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।