রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল থেকে ককটেল ও জিহাদি বই উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) হলে ইসলামী ছাত্রশিবির-নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে পাঁচটি ককটেল, তিন হাজারের বেশি জিহাদি ও ইসলামি বই, লোহার রড, ছাত্রলীগের নেতা-কর্মীদের নামের তালিকাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। মতিহার থানার পুলিশ আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা প্রায় দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট হল ও প্রশাসন ভবনে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে।ছাত্রলীগের কর্মী তৌহিদুর রহমানসহ হলের আবাসিক শিক্ষার্থীরা এসব ঘটনাসহ গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িত শিবিরের নেতা-কর্মী ও ক্যাডারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এসএম হলের প্রাধ্যক্ষ দুলাল চন্দ্র রায় ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুসতাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাঁরা বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এর আগে শহীদ শামসুজ্জোহা, জিয়াউর রহমান হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের ছাত্রশিবির-নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম, লোহার রড, বিপুলসংখ্যক জিহাদি ও ইসলামি বই, লাঠিসোঁটা, হলে অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীদের নামের তালিকাসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।