সংস্কৃতি সংবাদ অসহায় প্রতিবন্ধীদের সাহায্যার্থে এগিয়ে আসুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হস্তশিল্প প্রদর্শনী
‘অসহায় প্রতিবন্ধীদের সাহায্যার্থে এগিয়ে আসুন’ স্লোগানকে সামনে রেখে ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হস্তশিল্প প্রদর্শনী হয়। রাজশাহী জেলার চারঘাট উপজেলার সরদহ ডিগ্রি কলেজের বিএসএস প্রথম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থী এম ফজলে রাব্বির একক উদ্যোগে এ হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন চত্ব্বরে ২৬ মার্চ সকাল আটটায় আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক নূরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। হস্তশিল্পের প্রদর্শনী প্রসঙ্গে এম ফজলে রাব্বি বলেন, প্রতিবন্ধীরা সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধ। সুযোগ ও সহায়তা পেলে তাঁরাও অনেক কিছু করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক এম শাহ্ নওয়াজ আলী এ প্রসঙ্গে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সুযোগ ও সহায়তা পেলে অনেক কিছু করে দেখানোসহ সমাজ ও দেশের প্রতি তাঁরাও যে অবদান রাখতে পারেন, ফজলে রাব্বি এর বাস্তব প্রমাণ।