রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শিবিরের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে নগরের মতিহার থানায় এ মামলা করা হয়। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদ আল হোসেন বাদী হয়ে এ মামলা করেন।পুলিশ জানায়, মামলায় দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশে মারামারি করে গুরুতর জখম করা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এজাহারে শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া, প্রচার সম্পাদক তোহাবুল হাসান ও দপ্তর সম্পাদক আরিফসহ ২১ জনের নাম দেওয়া হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৪০-৫০ জন ওই হামলায় অংশ নিয়েছেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।এদিকে গতকাল সংঘর্ষের সময় থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ঘটনাস্থল ও বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন ছাত্রাবাস থেকে ১৮ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন শিবিরকর্মী জাহাঙ্গীর হোসেন, শরীফুল ইসলাম, মোবারক হোসেন ও মোসাদ্দেক হোসেনসহ পাঁচজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিহার থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, কতজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।