রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারপাশে ছাত্রশিবিরের শক্ত ঘাঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ৯ আগস্টের ঘটনা। ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীর সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মা-বাবাকে উকিল নোটিশ পাঠান এইচএসসি পাস করা এক মেয়ে। ছেলে (পাত্র) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র। বাড়ি পাবনায়। মেয়ের বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই একজন কর্মকর্তা। প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর থেকে ওই শিবির কর্মী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় আত্মীয়তা গড়ে তোলার জন্য এই পরিবারে যাতায়াত শুরু করেন। অবশ্য উকিল নোটিশ পেয়ে মেয়ের বাবা বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন। ঘটনাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নতুন বুধপাড়া এলাকার। অগত্যা সেই শিবির কর্মী রাজশাহীর মোহনপুর উপজেলায় বিয়ে করেন।স্থানীয় লোকজনের সঙ্গে কেবল বিয়ের সূত্রে আত্মীয়তা নয়, গৃহশিক্ষকতা, মেস, কোচিং সেন্টার প্রতিষ্ঠাসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় নামে-বেনামে শিবিরের নেতা-কর্মীদের আবাস গড়ে উঠেছে। সেখান থেকেই পরিচালিত হয় প্রতিপক্ষের ওপর হামলা। হামলায় অংশ নেয় শিবিরের শত শত সশস্ত্র ক্যাডার। শিবিরের এসব আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের নজিরও রয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে।এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় শিবিরের আস্তানা সম্পর্কে আমাদের জানা আছে। কিন্তু বিয়েশাদি করে সামাজিক সম্পর্ক গড়ে তুললে তো আর সেখানে আইনগতভাবে কিছু করা যায় না।’ জানা যায়, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে হামলার সময় শিবির ক্যাডাররা মেহেরচণ্ডী থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পাশ দিয়ে, বিনোদপুর এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে, বুধপাড়া এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার ও বধ্যভূমি এলাকা দিয়ে ক্যাম্পাসে সশস্ত্র অবস্থায় অভিযান চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার রাতেও এসব এলাকা দিয়ে শত শত শিবির ক্যাডার সশস্ত্র অবস্থায় ক্যাম্পাসে ঢুকেছিল।বিয়ের সূত্রে আত্মীয়তাস্থানীয় লোকজন জানায়, ছয়-সাত বছর আগে পাবনা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে শিবির নেতা সোহেল পার্শ্ববর্তী মৌলভী বুধপাড়া এলাকায় মৃত মতিউর রহমানের পরিবারের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে তিনি মতিউর রহমানের মেয়েকে বিয়ে করেন। সংগঠন থেকে একটি মোটরসাইকেলও পান সোহেল। তিনি ওই এলাকায় সংগঠনের ইয়ানত (চাঁদা) আদায় করেন। তাঁকে বুধপাড়া মসজিদে ইমামতি করতেও দেখা যায়। বর্তমানে তিনি শ্বশুরের জমিতেই বাড়ি করেছেন। এখন পাবনা থেকে পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে থাকছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেকোনো হামলার ঘটনায় তিনি অগ্রণী ভূমিকায় থাকেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র ও শিবির নেতা মশিউর রহমানের বাড়ি যশোরে। বিয়ে করেছেন বুধপাড়ার সাবেক কমিশনার আবদুস সামাদের বোনকে। শিবির নেতা রাশিদুল পাবনা থেকে এসে একই এলাকার আবদুর রউফের মেয়েকে বিয়ে করেছেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৈত্রীর সাবেক ছাত্রনেতা লিয়াকত আলী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে জামায়াতে ইসলামী নৈতিক ও সামাজিক অবস্থান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকদের অর্থনৈতিক সহযোগিতা দিয়ে, আত্মীয়তার সম্পর্ক গড়ে এই এলাকায় তাদের আধিপত্য বিস্তার করেছে। বিশ্ববিদ্যালয়ে রাজনীতিও শুরু করেছে। কর্মসংস্থান সৃষ্টির আড়ালে...রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুরের ইসলামিয়া কলেজ, রাজশাহী ক্যাডেট মাদ্রাসা ও কোচিং সেন্টারের ব্যবসার আড়ালে চলে শিবিরের রাজনীতির বিস্তার। স্থানীয় লোকজন জানায়, এসব প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিয়ে স্বল্প আয়ের পরিবারের যুবকদের তারা সংগঠনে ভেড়াচ্ছে। একই সঙ্গে সাংগঠনিক অবস্থানও জোরদার করছে। আশির দশক থেকে এই পরিকল্পনা নিয়ে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের ঘাঁটি গড়ে তোলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মলয় ভৌমিক বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশের লোকজনের দারিদ্র্যের সুযোগ নিয়ে আর্থিক সহযোগিতা দিয়ে, প্রতিষ্ঠানে চাকরি দিয়ে এবং আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলে এখানে জামায়াত-শিবির অবস্থান পাকাপোক্ত করেছে।মেসের নামে আস্তানাবুধপাড়া, মেহেরচণ্ডী, বিনোদপুর, কাঁটাখালি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে শিবির গড়ে তুলেছে মেস। শিবিরনিয়ন্ত্রিত এসব মেসের ছাত্ররা সংগঠনটির কথামতো চলতে বাধ্য হয়। একপর্যায়ে তারা শিবিরের রাজনীতির সঙ্গেও জড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে বিনোদপুর এলাকায় গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু বিনোদপুরেই ১০-১২টি বাড়ি ভাড়া নিয়ে শিবির মেস তৈরি করেছে।জানা গেছে, গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে নিহত শিবির নেতা শাহীন ছিলেন মেহেরচণ্ডী মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক। সমিতির সভাপতি আবদুস সালাম মণ্ডল জানান, শাহীনের নিজের কোনো মেস ছিল না। বাড়ি ভাড়া নিয়ে মেস তৈরি করে চালাতেন।চাকরি নিয়ে সহযোগিতাবুধপাড়া এলাকার একজন বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন, বরিশাল থেকে এসে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সেকশন অফিসারের দায়িত্ব পালন করছেন এক ব্যক্তি। তিনি বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে শিবিরকে সব ধরনের সহযোগিতা করে থাকেন। গোয়েন্দা তত্পরতায় নারী ও শিশুদের ব্যবহারস্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা শিশু ও নারীদের গোয়েন্দা হিসেবেও ব্যবহার করে। বাইরে থেকে নতুন কোনো লোক এলাকায় গেলেই কোনো কোনো শিশুকে তাদের নজরে রাখতে দেখা যায়। তারা ওই নতুন লোকের পাশে দাঁড়িয়ে তার কথা বোঝার চেষ্টা করে। আর বিশ্ববিদ্যালয়ের কোনো সংঘর্ষের পর এলাকায় শিবিরের বিশেষ দল পাহারায় থাকে। এদের মধ্যে নারী সদস্যরাও রাত জেগে পাহারা দেয়। ফলে পুলিশ গিয়ে চিহ্নিত ক্যাডারদের আর খুঁজে পায় না। অস্ত্র উদ্ধার গত বছরের ২৯ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে শিবিরের ঘাঁটি বলে পরিচিত খোজাপুর মহল্লার একটি ডোবা থেকে মহানগরের মতিহার থানার পুলিশ দেশীয় ছয়টি পাইপগান উদ্ধার করে। মতিহার থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, একই মাসে বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-ছাত্রলীগের সংঘর্ষের সময় শাহ মখদুম হল এলাকা থেকে তাঁরা একই ধরনের পাইপগান উদ্ধার করেছিলেন।