রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই ছাত্রীর নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। আজ শনিবার ছাত্রীর লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী একটি ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে।নিহত ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বলে জানা গেছে।জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়সংলগ্ন মির্জাপুর এলাকায় নীলা ছাত্রীনিবাসে থাকতেন। গতকাল রাত নয়টার দিকে ওই ছাত্রীনিবাসের কয়েকজন ছাত্রী জান্নাতুল ফেরদৌসকে ঝুলে থাকতে দেখেন। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ মর্গে পাঠানো হয়।এর আগে জান্নাতুলের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। ওই চিরকুটে লেখা ছিল, ‘কিরণ আমাকে বাঁচতে দিল না’। তবে কিরণের নাম-পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে নগরের মতিহার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমঘটিত কারণে ওই ছাত্রী আত্মহত্যা করে থাকতে পারে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।