রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ আটক ১০ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নাটোর থেকে আটক হওয়া ১০ জনের মধ্যে নয়জনকে আজ মঙ্গলবার দুপুরে অস্ত্র মামলায় কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যায় জড়িত থাকার সন্দেহে ওই বিশ্ববিদ্যালয়ের ইসলামের স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকেও নাটোর কারাগারে আটক রাখা হয়েছে।নাটোর সদর থানা সূত্রে জানা যায়, ফারইস্ট ইসলামি লাইফ ইনস্যুরেন্সের কার্যালয় থেকে আটক ১০ জনকে দুপুরে জেলার মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ শরিফ উদ্দিনের আদালতে হাজির করা হয়। বিচারক আদালতে উপস্থিত বিলহালতি কলেজের প্রভাষক শাহজালাল হোসেন, মাদরাসা শিক্ষক মাওলানা জাকির হোসেন, আবুল হাশেম, সাদরুল উলা ও বিমা-কর্মী বদিউজ্জামান, কামরুল ইসলাম, আবদুল হালিম, সৈয়দ আলী ও আনসার আলীকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের স্টাডিজ বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মামুনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁকেও একই কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।এদিকে ফারইস্টের নাটোর জেলা ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘আটক করার সময় আমাদের কার্যালয় থেকে পুলিশ কোনো অস্ত্র উদ্ধার করেনি। এ ব্যাপারে গণমাধ্যমকেও কোনো তথ্য জানানো হয়নি। অথচ আদালতে নেওয়ার পর আমরা জানতে পারি, আটককৃতদের অস্ত্র আইনের মামলায় চালান দেওয়া হয়েছে। এটা বিস্ময়কর।’ তবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আটক নয়জনের কাছ থেকে চারটি ধারাল ছোরা পাওয়া গেছে। তাই তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে পুলিশ শহরের সাহারা প্লাজায় ফারইস্ট ইসলামি লাইফ ইনস্যুরেন্স কার্যালয়ে গোপন সভা করার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ১০ জনকে আটক করে।