রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল থেকে ককটেল উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মতিহার থানার পুলিশ সদস্যরা ককটেলটি উদ্ধার করেন। মাদার বখ্শ হল সূত্রে জানা গেছে, গত বছরের ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এরপর থেকেই ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। সম্প্রতি ওই হলের ছাত্রশিবির নিয়ন্ত্রিত কক্ষগুলো নতুন করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। আজ বেলা ১১টার দিকে হল তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম হলের ডাইনিং কর্মচারী বাবুকে দিয়ে ১১৪ নম্বর কক্ষে বস্তায় রাখা মালামালগুলো একত্র করতে গিয়ে একটি ককটেল দেখতে পান। খবর পেয়ে মতিহার থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি উদ্ধার করে থানায় নিয়ে যান।ওই হলের শিক্ষার্থীরা জানান, ১১৪ নম্বর কক্ষে আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত তহিরুল আহসান থাকতেন। গত বছরের ৮ ফেব্রুয়ারি রাতে তিনি পালিয়ে যান।মাদার বখ্শ হলের তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।