রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮০ শিবির কর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮০ জন ছাত্রশিবিরের নেতা-কর্মীকে আসামি করে গতকাল মঙ্গলবার রাত ১০টায় মতিহার থানায় দুটি মামলা করা হয়েছে। পুলিশ বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসমত আলী ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাককে আটক করেছে। রাজশাহীর বিভিন্ন জায়গায় সারা রাত তল্লাশি চালিয়ে শিবির কর্মী সন্দেহে পুলিশ মোট ৪৫ জনকে আটক করেছে।মামলা দুটির মধ্যে একটি দায়ের করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম হত্যা, সন্ত্রাস, হামলা ও ভাঙচুরের অভিযোগে। আর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অন্য মামলাটি করেছেন মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আরশাদ আলী। ক্যাম্পাসের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে র্যাব ও বিভিন্ন স্থানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাতে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ক্যাডারদের হামলায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হন। কুপিয়ে হত্যা করে ফারুকের লাশ একটি ম্যানহোলে ফেলে রেখে যায় শিবির কর্মীরা। গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা শিবিরের হামলায় পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের তিনজন কর্মীর হাত-পায়ের রগ কেটে দেয়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।