রাজশাহী বোর্ড পাসের হারে সেরা
রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার বেড়েছে। পাসের হারের দিক থেকে আট শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ড এবার সেরা হয়েছে। পাসের হার এবার ৭৯ দশমিক ০১ শতাংশ। গতবার পাসের হার ছিল ৭৫ দশমিক ৪৩ শতাংশ।এবার রাজশাহী বোর্ডের ফলাফলে ক্যাডেট কলেজগুলোই সামনের সারিতে রয়েছে। বোর্ডে প্রথম হয়েছে পাবনা ক্যাডেট কলেজ, দ্বিতীয় রাজশাহী ক্যাডেট কলেজ আর তৃতীয় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।এবার রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৭৯ হাজার ২০৬ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬৮১ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৫৮৮ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে দুই হাজার ৯৪৯ জন এবং মেয়ে দুই হাজার ৬৩৯ জন। গতবার এই বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৩ হাজার ৭৩৭ জন।এবার বিজ্ঞান বিভাগ থেকে ১৭ হাজার ৪১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২ হাজার ৮৮৮ জন। এর মধ্যে ছাত্র সাত হাজার ৭৯৫ জন এবং ছাত্রী পাঁচ হাজার ৯৩ জন।মানবিক বিভাগ থেকে ৪২ হাজার ৬১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩২ হাজার ৯০৫ জন। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৫৯০ জন এবং ছাত্রী ২১৯ হাজার ৩১৫ জন।ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৭ হাজার ৬৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৫ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৯৪০ জন এবং ছাত্রী চার হাজার ৬৪৬ জন।রাজশাহী সিটি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সাদিকা মোস্তফা। সাদিকার বাবা গোলাম মোস্তফা একজন স্কুলশিক্ষক। তিনি বলেন, রাজশাহী শিক্ষা বোর্ড সারা দেশের মধ্যে ভালো করেছে—এই খবরটি মনের মধ্যে আশার সঞ্চার করেছে। তিনি বলেন, রাজশাহীর মানুষ সব দিক দিয়ে পিছিয়ে রয়েছে। এ অবস্থায় পড়াশোনায় এগিয়ে যাওয়া ছাড়া তাদের কাছে কোনো বিকল্প নেই। এবার পরীক্ষার ফলাফল দেখে মনে হচ্ছে এই জায়গাটায় এখন কাজ হচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবার মধ্যেই সচেতনতা বাড়ছে।রাজশাহী নিউ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে এন কে এম রিয়াসাত। তাঁর বাবা দেদারুল ইসলাম একজন কলেজশিক্ষক। বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। ছেলের পড়াশোনার জন্য রাজশাহী শহরে থাকেন। ছেলের ভালো ফলাফলে তিনি খুশি। রাজশাহী বোর্ড ফলাফলে সেরা। তাই তিনি বলেন, এবার রাজশাহীর দিকে সবার নজর পড়বে।এবার রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্যে সেরা ২০ কলেজের মধ্যে দ্বিতীয় হয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ। এই কলেজে অধ্যক্ষ লে. কর্নেল এ কে এম ইকবাল আজিম বলেন, কলেজের সুসমন্বিত কর্মধারা নিয়মানুবর্তিতা, আধুনিক শিক্ষা উপকরণের সর্বাধিক ব্যবহার, শিক্ষকদের বিষয়ভিত্তিক গভীর জ্ঞান, একাগ্রতা, শ্রেণীকক্ষে আন্তরিকতার সঙ্গে পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের কলেজের তত্ত্বাবধানে বিশেষ পাঠদান, সচেতন অভিভাবকদের সহযোগিতা ও ক্যাডেটদের কঠোর অনুশীলন এই সাফল্য বয়ে আনতে সাহায্য করেছে।রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, আসলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার একটা প্রবণতা তৈরি হয়েছে। অভিভাবকদেরও সচেতনতা বেড়েছে। পাশাপাশি ছেলেমেয়েদের পেছনে তাঁদের খরচ করারও প্রবণতা তৈরি হয়েছে। প্রতিষ্ঠানের তদারকির পাশাপাশি এগুলোর কারণেই ভালো ফলাফল হয়েছে।