রাজশাহী বোর্ডে এবার মেয়েরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। পাসের হারে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়িক শিক্ষা—এই তিন বিভাগেই মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করেছে। মোট জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে থাকলেও মানবিক বিভাগে মেয়েদের জিপিএ-৫-এর হার ছেলেদের তুলনায় দ্বিগুণ। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলে এ চিত্র দেখা গেছে।এ বোর্ডে এবার মোট ৮২ হাজার ১৭৪ জন পরীক্ষায় অংশ নেন। পাসের হার ৭৫ দশমিক ৪৩ শতাংশ। সারা দেশের ফলাফলে এবার রাজশাহী বোর্ড দ্বিতীয় অবস্থানে রয়েছে। বোর্ডে মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৮৬ শতাংশ আর ছেলেদের ৭৪ দশমিক ২০ শতাংশ। রাজশাহী শিক্ষা বোর্ডে সেরা ২০ কলেজের মধ্যে তৃতীয় স্থানে থাকা রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদা বেগম বলেন, বেশ কিছুদিন থেকে মেয়েদের এই ধরনের অগ্রগতি লক্ষ করছি। মেয়েরা ছেলেদের চেয়ে এখন বেশি মনোযোগী। ছেলেরা আরও মনোযোগী হতে পারত।