রাজশাহী বোর্ডে মেয়েরা এগিয়ে
এবার ২০১০ সালে রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিন বিভাগেই মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করেছেন।রাজশাহী বোর্ডে এবার পাসের হার হচ্ছে ৭৫ দশমিক ৪৩ শতাংশ। সারা দেশের মধ্যে ফলাফলে বোর্ডটি এবার দ্বিতীয় অবস্থানে রয়েছে। এখানে মেয়েদের পাসের হার হচ্ছে ৭৬ দশমিক ৮৬ শতাংশ। আর ছেলেদের ৭৪ দশমিক ২০ শতাংশ।এবার রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ৮২ হাজার ১৭৪ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছেন ৬১ হাজার ৯৮৭ জন।ছাত্রদের মধ্যে ৪৪ হাজার ৩২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩২ হাজার ৬৭১ জন এবং ছাত্রীদের মধ্যে ৩৮ হাজার ১৪২ জন অংশ নিয়ে পাস করেছেন ২৯ হাজার ৩১৫ জন। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ৮২ জন এবং ছাত্রীদের মধ্যে দুই হাজার ৫২০ জন।এবার বিজ্ঞান বিভাগ থেকে ১৭ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১২ হাজার ৮০৭ জন। এর মধ্যে ছাত্র আট হাজার ৪৯ জন এবং ছাত্রী চার হাজার ৭৫৮ জন। এই বিভাগের ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৪৭ শতাংশ। পক্ষান্তরে মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৯৯ শতাংশ। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ২২ জন এবং মেয়েদের মধ্যে পেয়েছেন এক হাজার ১৯৭ জন।মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩৪ হাজার ৩৪১ জন। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৮৬ জন এবং ছাত্রী ২০ হাজার ২৫৫ জন। এই বিভাগে ছেলেদের পাসের হার ৬৯ দশমিক ৭১ শতাংশ। পক্ষান্তরে মেয়েদের ৭৫ দশমিক ৩২ শতাংশ। এই বিভাগে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯১৭ জন, পক্ষান্তরে ছেলেদের মধ্যে পেয়েছেন ৪৯৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৭ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৪ হাজার ৮৩৯ জন। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৫৩৭ জন এবং ছাত্রী চার হাজার ৩০২ জন। এই বিভাগে ছেলেদের পাসের হার ৮২ দশমিক ৮৪ শতাংশ, পক্ষান্তরে মেয়েদের ৮৯ দশমিক ২৫ শতাংশ। ছেলেদের মধ্যে জিপিএ-পেয়েছেন ৫৬১ জন এবং মেয়েরা পেয়েছেন ৪০৬ জন।এবার বোর্ডের ১২টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। তবে তিনটি কলেজ থেকে কেউ পাস করেননি। এ তিন কলেজ হচ্ছে বাগমারা উপজেলার খালগ্রাম বিষ্ণুপুর কলেজ, নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ ও পাবনার সাঁথিয়া উপজেলার মীর রওশন আলী কলেজ। এর মধ্যে বিষ্ণুপুর কলেজ থেকে মাত্র দুজন এবং অপর দুটি কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে সেরা ২০ কলেজের মধ্যে তৃতীয় হয়েছে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ। এই কলেজের অধ্যক্ষ ফরিদা বেগম বলেন, ‘বেশ কিছুদিন থেকে মেয়েদের এ ধরনের অগ্রগতি লক্ষ করছি। মেয়েরা ছেলেদের চেয়ে বেশি মনোযোগী।’নিউ ডিগ্রি কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন ফাতেমা ইসলাম। তাঁর মা জুলফিয়া সিদ্দিকা মেয়ের ভালো ফলাফলের ব্যাপারে বলেন, ‘মেয়ে বরাবরই পড়শোনার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। আমরাও বাড়িতে দেখাশোনা করেছি কখন পড়ছে, কখন পড়ছে না। শিক্ষকেরাও যত্ন নিয়েছেন। এসব মিলিয়েই ভালো ফল।’ রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা বলেন, বোর্ডের চেয়ারম্যান, সচিব থেকে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক চেষ্টায় এই ফল অর্জন সম্ভব হয়েছে।