রাজশাহী বোর্ডের ফল তুলনামূলক হতাশাব্যঞ্জক
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অন্যান্য বোর্ডের তুলনায় এবার রাজশাহী বোর্ডের ফলাফল হতাশাব্যঞ্জক। পাসের হারের দিক থেকে রাজশাহী শিক্ষা বোর্ড এবার ষষ্ঠ স্থানে। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, সৃজনশীল প্রশ্ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না পাওয়ায় রাজশাহীর শিক্ষার্থীরা অন্য বোর্ডের তুলনায় পিছিয়ে পড়েছে।রাজশাহী বোর্ডের শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় রাজশাহীর নামী প্রতিষ্ঠানগুলোর অবস্থান নিচের দিকে। গতকাল বৃহস্পতিবার ফল প্রকাশিত হওয়ার পর অনেক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কান্নাকাটি করতে দেখা গেছে।এবারের জেএসসি পরীক্ষায় এ বোর্ডে পাসের হার ৬৩ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৪৩ হাজার ৭০৩ শিক্ষার্থী। পাস করেছে ৯০ হাজার ৫৩৯ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫০৮ জন। বোর্ডের শীর্ষ ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় রাজশাহীর মাত্র পাঁচটি স্থান পেয়েছে। জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এই শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ২৭২ জন পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১১৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন।বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন বলেন, শিক্ষকদের প্রচেষ্টা ও অভিভাবকদের চেষ্টায় এই ফলাফল এসেছে। তিনি এই ফলাফলের জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে দোয়া চেয়েছেন।তবে বোর্ডে ১২তম স্থানে থাকা রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম বলেন, সৃজনশীল প্রশ্নের কারণেই পাসের হার এবার কম। এই পর্যায়ের শিক্ষার্থীরা এর আগে সৃজনশীল পরীক্ষার মুখোমুখি হয়নি। এ ছাড়া দু-একটি বিষয়ে প্রশ্ন বেশ কঠিন ছিল। সব মিলিয়ে পাসের হারের ওপর একটা প্রভাব পড়েছে।১৩তম স্থানে থাকা গভর্নমেন্ট পিএন গার্লস হাইস্কুলের শিক্ষার্থী তাসনিয়া ওবায়েদ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের পরীক্ষায় প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় স্থানের নিচে যায়নি। তার ফলাফল খারাপ হয়েছে। একইভাবে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর প্রথম ১০ জন শিক্ষার্থীর ফলাফল খারাপ হয়েছে। তারা কেউ জিপিএ-৫ পায়নি। তাসনিয়ার মা-বাবা দুজনই চিকিৎসক। নাজমা খাতুন বলেন, তাঁর মেয়ের এ ফলাফল তাঁরা মেনে নিতে পারছেন না। ফলাফল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সরমিন ফেরদৌস বলেন, ‘আমরা ঠিক বুঝতে পারছি না। প্রতিষ্ঠানপ্রধান হিসেবে আমার ছাত্রীদের যেভাবে তৈরি করেছি, ফলাফল সে রকম হয়নি। আমার যে ছাত্রী তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কখনো দ্বিতীয় হয়নি, সেও জিপিএ-৫ পায়নি। সে পেয়েছে ৪ দশমিক ৮৬। দুর্বলতাটা কোথায়, আমরা ঠিক চিহ্নিত করতে পারছি না।’তবে ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ১৯তম স্থানে থাকা রাজশাহী গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা। তিনি বলেন, তুলনামূলক তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করেছে।রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আবদুর রউফ বলেন, এবারের পরীক্ষা পদ্ধতিটি নতুন। আগে পরীক্ষার্থীরা মুখস্থ লিখত। এখন মুখস্থ লেখার সুযোগ নেই। এই নতুন পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থী এবং সব শিক্ষকের সুস্পষ্ট ধারণা এখনো তৈরি হয়নি। যে কারণে অন্য বোর্ডের তুলনায় রাজশাহী বোর্ডের ফল সন্তোষজনক হয়নি।পাবনা ক্যাডেট শীর্ষে: পাবনা অফিস জানায়, জেএসসি পরীক্ষার ফলাফলে পাবনা ক্যাডেট কলেজ রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে। কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র ধর জানান, এ ক্যাডেট কলেজ থেকে মোট ৪২ জন ক্যাডেট অংশ নেয়। এর মধ্যে ৩৯ জন জিপিএ-৫ পেয়েছে। তিনি বলেন, কঠিন নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের ফলেই ক্যাডেটরা এত ভালো ফলাফল করেছে।