রাজশাহী মহানগর জামায়াতের আমির পাঁচ দিনের রিমান্ডে
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার আমির আতাউর রহমানসহ ১১ জন জামায়াত-শিবির কর্মীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পৃথক তিনটি মামলায় আদালত এই আদেশ দেন। এদিকে নির্ধারিত কর্মসূচি থাকলেও কড়া পুলিশি তত্পরতার কারণে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি হয়নি। আতাউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে তাদের বিক্ষোভের কর্মসূচি পালনের কথা ছিল।গত বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওই দিন রাতে সিরাজগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মীকে আটক করা হয়। আজ শুক্রবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে এই ১১ জনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। বিকেলে শুনানি শেষে বিচারক রুহুল আমিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরের মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার তারিকুল ইসলাম জানান, নগরের ৪০টি পয়েন্টে ১০ প্লাটুনেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজশাহী রেঞ্জের পুলিশ, খুলনা ও বগুড়া থেকে নিয়ে আসা আর্মড ব্যাটালিয়ন পুলিশ রয়েছে। তিনি বলেন, নগরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে সন্দেহভাজন লোকজনকে তল্লাশি চালানো হচ্ছে। ছাত্রাবাসগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে। নগরে গোয়েন্দা নজরদারিসহ সাদা পোশাকের পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তারা সন্দেহভাজন জামায়াত কর্মীদের ওপর কড়া নজরদারি করছে। ফলে জামায়াত তাদের কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেনি।