রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রাবাসে ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) একজন নেতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তাঁর সমর্থক ছাত্রলীগের একদল কর্মী গত বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের দুটি ছাত্রাবাসে ভাঙচুর চালিয়েছেন। তাঁরা রাজশাহী নগরের রাজপাড়া থানা ছাত্রলীগের কার্যালয়ও ভাঙচুর করেন।পুলিশ রাজশাহী মেডিকেল কলেজের শহীদ শাহ মইনুল আহসান পিংকু ছাত্রাবাস থেকে স্বাচিপ নেতার সমর্থক ছাত্রলীগের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে পিস্তল ও গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।রাজপাড়া থানা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. সামাউন গতকাল শুক্রবার রাজপাড়া থানায় একটি মামলা করেন। মামলায় স্বাচিপের ওই নেতা মহিবুল হাসানসহ রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের ৩৭ জনকে আসামি করা হয়েছে।অন্যদিকে পিংকু ছাত্রাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ওই ছাত্রাবাসের ০০৯ নম্বর কক্ষের ও ৪৯ ব্যাচের ছাত্র সোহেল মাহাবুব ছাত্রলীগের তানিকুর রহমানসহ ৪০ জনকে আসামি করে রাজপাড়া থানায় অপর একটি মামলা করেন। এই মামলার আসামিরাও মহিবুল হাসানের সমর্থক। মহিবুল হাসান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি স্বাচিপের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক। মেডিকেল কলেজে ছাত্রলীগের একটি পক্ষের নেতা-কর্মীরা তাঁর অনুসারী। উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের আনুষ্ঠানিক কোনো কমিটি নেই।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহিবুল হাসান নগরের লক্ষ্মীপুর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছিলেন। এ সময় কয়েকজন লোক চেম্বারে গিয়ে তাঁকে মারধর করে। এ ঘটনার পর মহিবুল হাসানের অনুসারী রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে লক্ষ্মীপুর মোড়ে রাজপাড়া থানা ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর চালান। মেডিকেল কলেজের ৪৮ ব্যাচের ছাত্র তানিকুর রহমান, সুমন প্রামাণিক, আবদুল্লাহ আল মামুন, জনি, মির্জা জোবায়ের, অনুপ সরকার; ৪৯ ব্যাচের শামীম, ৫০ ব্যাচের তন্ময়, ৫১ ব্যাচের আতিকসহ ৬০-৭০ জন এ হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়। পরে পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা মেডিকেল কলেজের পিংকু ছাত্রাবাসে গিয়ে প্রতিপক্ষের কক্ষে হামলা চালান। তাঁরা ছাত্রাবাসের ফটকে তালা দিয়ে সোহেল ও আদিবের ০০৯ নম্বর কক্ষে গিয়ে ল্যাপটপ, বই-খাতা ও কাপড় জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা ০০৮, ৩১৫, ৩২১, ৪০২ ও ১০২ নম্বর কক্ষে ভাঙচুর চালান ও কক্ষের মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেন। হামলাকারীরা পরে জামিল আখতার রতন ছাত্রাবাসের (ইন্টার্নি হোস্টেল) ২০২ নম্বর কক্ষেও ভাঙচুর চালান।প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত পৌনে একটার দিকে পুলিশ তালা ভেঙে ছাত্রাবাসের ভেতরে প্রবেশ করে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। পুলিশ পিংকু ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, দুটি গুলি, ১০টি লোহার রড, তিনটি চাকু, পাঁচটি হাঁসুয়া, একটি দা, একটি চায়নিজ কুড়াল, একটি চাপাতি, পাঁচটি লাঠি উদ্ধার করে। রাত তিনটার দিকে পুলিশ ছাত্রাবাস থেকে ছাত্রলীগের ১২ জন নেতা-কর্মীকে আটক করে। পরে তাঁদের মধ্য থেকে সাতজনকে ছেড়ে দেওয়া হয়।নগরের রাজপাড়া থানা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়, মহিবুল হাসানের নির্দেশে তাঁর অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা কার্যালয়ে ভাঙচুর করেছেন। অন্যদিকে সোহেল মাহাবুবের মামলায় অভিযোগ করা হয়, ল্যাপটপসহ অন্য জিনিসপত্র লুটপাট ও ভাঙচুরে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মহিবুল হাসান বলেন, লক্ষ্মীপুর এলাকার মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক রফিক, সদস্য জিয়া, মনির ও মানিকসহ পাঁচ ব্যক্তি চেম্বারে ঢুকে তাঁকে মারধর করেছেন। তিনি বলেন, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি জিয়াউল হক তাঁর কাছে চেম্বারের একটি অনুষ্ঠানের জন্য এক লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। তিনি বলেন, ‘টুকু ভাইয়ের টাকা দেননি কেন?’—এ কথা বলেই হামলাকারীরা তাঁকে কিল-ঘুষি মারতে শুরু করে।ছাত্রলীগের কার্যালয় ও ছাত্রাবাসে হামলার অভিযোগ প্রসঙ্গে মহিবুল হাসান বলেন, ‘আমি মার খেয়ে হাসপাতালে পড়ে আছি। কে কোথায় হামলা চালিয়েছে সে ব্যাপারে আমি কিছুই জানি না।’শিল্প ও বণিক সমিতির সভাপতি জিয়াউল হক বলেন, তিনি চেম্বারের অনুষ্ঠানের জন্য মহিবুল হাসানের কাছে ফোন করে সহযোগিতা চেয়েছেন। তবে কাউকে টাকা আনতে পাঠাননি।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, বৃহস্পতিবার রাতে আটক মেডিকেল কলেজের ৪৮ ব্যাচের ছাত্র আবদুল্লাহ আল মামুন, ৪৬ ব্যাচের মিজানুল হক, ৪৮ ব্যাচের মাহাবুব জাকারিয়া, ৪৬ ব্যাচের আশীষ কুমার ঘোষ ও ৪৮ ব্যাচের ছাত্র রফিকুল ইসলামকে রাজপাড়া থানা ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. ওবায়দুল্লাহ বলেন, এ হামলা ও ভাঙচুরের সঙ্গে মহিবুল হাসানের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মহিবুল হাসানের গ্রেপ্তার ও তাঁর দুর্নীতির তদন্তের দাবিতে গতকাল বিকেলে নগরের লক্ষ্মীপুর এলাকায় মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ। মিছিল শেষে আয়োজিত সমাবেশে রাজশাহী জেলা যুবলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান বলেন, আগামী রোববারের মধ্যে মহিবুল হাসানকে গ্রেপ্তার করা না হলে উদ্ভূত পরিস্থিতির দায়দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। উল্লেখ্য, আসাদুজ্জামান অভিযুক্ত হামলাকারী রফিকের ভাই।রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ গোলাম কিবরিয়া জানান, গতকাল কলেজের একাডেমিক কাউন্সিলের সভা হয়েছে। এতে কলেজের উদ্ভূত পরিস্থিতি তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সাইফুদ্দিন একরামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।