রাজশাহী মেডিকেল থেকে ছাত্রলীগের ৬ নেতা-কর্মীকে বহিষ্কারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিকুর রহমানসহ ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে ছয় মাসের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। গতকাল সোমবার রাতে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।একাডেমিক কাউন্সিলের একটি সূত্র জানিয়েছে, কলেজের অধ্যক্ষ আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের সভায় ছয় নেতা-কর্মীকে বহিষ্কারের সুপারিশ করা হয়। সুপারিশ কার্যকর হতে আরও ছয়-সাত দিন সময় লাগবে। এ জন্য গতকাল এ সুপারিশ করার পরও আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া দ্বিতীয় বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষায় তাঁরা অংশ নিতে পেরেছেন।প্রসঙ্গত, রাজশাহী মেডিকেল কলেজে ‘ডেন্টাল কাউন্সিল’ গঠনকে কেন্দ্র করে গত ২০ জুন দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী তানভীর আলম গুরুতর আহত হন। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করে তাঁর কক্ষে তালা লাগিয়ে দেন।এ ঘটনায় পরের দিন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ছয় নেতা-কর্মীকে বহিষ্কারের সুপারিশ করা হয়।একাডেমিক কাউন্সিলের সভাপতি ও অধ্যক্ষ আবদুল হান্নান ওই ছয় ছাত্রের বহিষ্কারের সুপারিশ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি কারও নাম বলেননি।এ ব্যাপারে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিকুর রহমান বলেন, বিষয়টি তিনি জানেন না। এখনো তাঁদের এ বিষয়ে কিছু জানানো হয়নি। তিনি আজকের পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষকেরা তাঁকে নিষেধ করেননি।