রাজশাহী মেডিকেলে চিকিৎসকদের ধর্মঘট চলছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিত্সা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েন।গতকাল শনিবার দুপুরের পর থেকে শিক্ষানবিশ চিকিৎসকেরা হাসপাতালে কর্মবিরতি শুরু করেন।শিক্ষানবিশ চিকিৎসকেরা জানান, গতকাল হাসপাতালের কার্ডিওলোজি বিভাগে একজন রোগীর আত্মীয় তাঁদের এক চিকিত্সকের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। ঘটনাটি হাসপাতালের পরিচালককে জানানো হলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। তবে ঘটনার ২৪ ঘণ্টা পরও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, আশ্বাস দেওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় আজ দুপুর ১২টার দিকে শিক্ষানবিশ চিকিত্সকদের একটা অংশ পরিচালকের কার্যালয়ে ঢোকে। বাকি চিকিৎসকেরা কার্যালয়ের বাইরে অবস্থান নেন। এ সময় পরিচালকের সঙ্গে তাঁদের তুমুল তর্কবিতর্ক হয়। পরিচালক দাবি পূরণের আশ্বাস দিলেও তাঁরা তাতে সন্তুষ্ট না হয়ে বের হয়ে আসেন। এরপর চারু মামার ক্যানটিনে এসে চিকিত্সকেরা তাঁদের ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন। শিক্ষানবিশ চিকিৎসকদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে—অভিযুক্ত রোগীর ওই স্বজনকে গ্রেপ্তার করা, শিক্ষানবিশ চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা করা, কার্ডিওলোজি বিভাগের মতো স্পর্শকাতর বিভাগগুলোতে পুলিশি নিরাপত্তা দেওয়া, রোগীর সঙ্গে একজনের বেশি স্বজন থাকার অনুমতি না দেওয়া, হাসপাতালে ইসিজিসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতির সরবরাহ নিশ্চিত করা। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আসামি গ্রেপ্তারের দাবি ছাড়া তাঁদের অন্য সব দাবি অবাস্তব। দাবি অনুযায়ী সব ওয়ার্ডে পুলিশি পাহারা বসানো সম্ভব নয়। এ ছাড়া তারা সব ওয়ার্ডে ইসিজি মেশিন চায়। এটাও দেওয়া সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘তারা এখন দুই পক্ষ হয়ে গেছে। এক পক্ষ আরেক পক্ষকে বোঝানোর দায়িত্ব নিয়েছে।’