রাজশাহী মেডিকেলের ডেন্টাল ইউনিটে ক্লাস বর্জন, বিক্ষোভ
রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শেষ বর্ষের একজন ছাত্রকে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ বুধবার চিকিত্সা কার্যক্রম ও ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনার দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস ঘেরাও করে বিভাগীয় প্রধানকেও এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনার সময় পুরো ইউনিটে চিকিত্সা কার্যক্রম ও ক্লাস বন্ধ হয়ে যায়। ইউনিট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ডেন্টাল ইউনিটে চিকিত্সা দিতে দেরি হওয়ার কারণে এক রোগীর অভিভাবক ইউনিটের শেষ বর্ষের ছাত্র সুমন কুণ্ডুকে চড় মারেন। ঘটনার পর শিক্ষার্থীরা ইউনিট-প্রধান ওবাইদুর রহমানকে অভিযোগ করেন। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি। আজ সকালে সেই রোগীর অভিভাবক আবারও ডেন্টাল ইউনিটে আসেন। তিনি বার বার শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন কিন্তু বিক্ষুব্ধ ছাত্রদের দাবি তাঁকে জাদুঘরের মোড়ে রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এ সময় ডেন্টাল ইউনিটের চিকিত্সকেরা হাসপাতালের ভিতরেই বিষয়টি মীমাংসা করতে বলেন। এতে ছাত্ররা রাজি না হয়ে বেলা ১১টা থেকে ইউনিটের সব চিকিত্সা কার্যক্রম ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর সড়কও অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁদের তুলে দিলেও তাঁরা ইউনিট ঘেরাও করে রাখেন। বিক্ষোভের সময় তাঁরা ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ কলেজে উন্নীতকরণের ঘোষণা বাস্তবায়ন ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান। ১২টার পর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাঁদের শান্ত করেন। জানতে চাইলে ইউনিটের প্রধান ওবাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একজন বয়োজ্যেষ্ঠ লোক বিবেকের তাড়নায় একদিন পরে আবার ক্ষমা চাইতে হাসপাতালে আসেন। তিনি বার বার হাত ধরে ক্ষমা চান। অথচ ছাত্ররা প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে ক্ষমা চাইতে বলে। এটা অমানবিক দাবি। এটা হয় না। যা হোক পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে।’