রাজশাহী শহরের বাইরে সেরা সরদহ পাইলট উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির ফলাফলে রাজশাহী জেলায় শহরের বাইরে উপজেলা পর্যায়ের সবচেয়ে ভালো ফলাফল করেছে চারঘাট উপজেলার সরদহ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। জেলার সেরা ১০টি বিদ্যালয়ের মধ্যে রয়েছে এটি।জেলার সেরা ১০ বিদ্যালয়ের মধ্যে আটটিই জেলা শহরে অবস্থিত। বাকি দুটি প্রতিষ্ঠান জেলা শহরের বাইরে অবস্থিত। এর মধ্যে একটি হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ এবং অন্যটি সরদহ পাইলট উচ্চবিদ্যালয়। তবে ক্যাডেট কলেজ ছাড়া সাধারণ বিদ্যালয়ের মধ্যে উপজেলা পর্যায়ে পাইলট উচ্চবিদ্যালয়ই সেরা। এই বিদ্যালয় থেকে এবার ১১০ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন শিক্ষার্থী।এই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে মাহফুজুর রহমান। সে জানায়, উপজেলা পর্যায়ে অবস্থিত হলেও সরদহ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের পড়াশোনার মান ভালো। এখানে শিক্ষকেরা শিক্ষার্থীদের পাঠদানের ব্যাপারে যেমন যত্নশীল, তেমনই বিদ্যালয়ের সবকিছুই সুশৃঙ্খল। জিপিএ-৫ পেয়েছে রাব্বি হাসান। তার মতে, শিক্ষকেরা দায়িত্বশীল। সুশৃঙ্খল পরিবেশ। এখানে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য ক্লাসে পাঠদান থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিযোগিতা—সবকিছুই সুন্দরভাবে করা হয়। সরদহ কলেজের শিক্ষক আফজালুল হকের মেয়ে শিফাত-ই- আফজাল এবার এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। আফজালুল হক জানান, এ অঞ্চলের মধ্যে বিদ্যালয়টি ভালো। সেখানকার শিক্ষকেরা যত্নশীল, পাশাপাশি নিজেদেরও খেয়াল রাখতে হয়। সব মিলিয়ে ভালো ফলাফল হয়েছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মতিউর রহমান বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের ব্যাপারে আমাদের শিক্ষকেরা আগের চেয়ে বর্তমানে আরও বেশি যত্নশীল হয়েছেন। পরীক্ষায় ভালো করার জন্য আমরা শিক্ষার্থীদের বিভিন্নভাবে উৎসাহিত করে থাকি।’