রাজশাহী শিক্ষা বোর্ডে পঞ্চম এপিবিএন
এবারের এসএসসি পরীক্ষার বগুড়ায় ভালো ফল করে চমক দেখিয়েছে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (এপিবিএন), পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। ভালো ফলের জন্য রাজশাহী বোর্ডের সেরা দশে জায়গা করে নিয়েছে এপিবিএন। অন্য দুটি শিক্ষাপ্রতিষ্ঠান জেলা পর্যায়ে সপ্তম ও অষ্টম হয়েছে। এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার পরীক্ষা দিয়েছিল ১৬২ জন। জিপিএ ৫ পেয়েছে ১২৫ জন। রাজশাহী বোর্ডের মধ্যে পঞ্চম ও জেলা পর্যায়ে সেরা স্কুলের মধ্যে চতুর্থ হয়েছে। এ বিদ্যালয় থেকে ২০০৯ সালে জিপিএ ৫ পেয়েছিল ৯২ জন।ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। ১৯৮৩ সালে বগুড়া পুলিশ লাইন্সের চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বগুড়ার পুলিশ প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ২৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১৬ জন। এবার প্রতিষ্ঠানটি জেলার মধ্যে অষ্টম স্থান দখল করেছে।বগুড়ায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ ভালো ফল করেছে। গত বছর এই স্কুল থেকে ১২৬ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছিল ৫৪ জন। এবার ১৪৮ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ৯৭ জন। এ ছাড়া বগুড়া এসওএস হারম্যান মাইনর স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৫ জন জিপিএ ৫ পেয়ে রাজশাহী বোর্ডের মধ্যে ১৪তম হয়েছে। বগুড়া পল্লী একাডেমী ল্যাবরেটরি স্কুল ও কলেজ থেকে ৬৭ জন জিপিএ ৫ পেয়ে জেলায় ষষ্ঠ হয়েছে।