রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে পাসের হার কমেছে। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। তবে এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ করেছে মানবিক বিভাগ। বোর্ড কর্তৃপক্ষ বলছে এবার নতুন করে আরও দুটি বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্র হওয়ার কারণে ফলাফল গতবারের তুলনায় একটু খারাপ হয়েছে।গত ২০১০ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৬১ শতাংশ। এবার তা কমে হয়েছে ৮০ দশমিক ৩২ শতাংশ।এবার বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৩০ হাজার ৭৯৬ জন। এর মধ্যে পাসের সংখ্যা এক লাখ চার হাজার ৪১১ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা নয় হাজার ৯৩৭ জন। এর মধ্যে ছাত্রী চার হাজার ২২০ ও ছাত্র পাঁচ হাজার ৭১৭ জন। ছাত্রীদের পাসের হার ৭৯ দশমিক ৩৮ শতাংশ এবং ছাত্রদের ৮১ দশমিক ১৮ শতাংশ।গতবার বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৫৬৮। এদের মধ্যে ছাত্রী চার হাজার ৩২০ জন এবং ছাত্র ছয় হাজার ২৪৮ জন। ছাত্রীদের পাসের হার ছিল ৮৫ দশমিক ৬০ শতাংশ এবং ছাত্রদের ৮৫ দশমিক ৬২ শতাংশ।এবার রাজশাহী বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৯ দশমিক ৯২ শতাংশ। গতবার এই হার ছিল ৯০ দশমিক ৩৬ শতাংশ। বাণিজ্য বিভাগের এবার পাসের হার ৮৪ দশমিক ৬৫ শতাংশ। গতবার ছিল ৮৭ দশমিক ৪৯ শতাংশ। মানবিক বিভাগের এবার পাসের হার ৭৪ দশমিক ৩৮ শতাংশ। গতবার এই হার ছিল ৮২ দশমিক ৯৩ শতাংশ। এবার রাজশাহী বোর্ডে পাসের হার কমার অন্যতম কারণ মানবিক বিভাগের ফলাফল বিপর্যয়।গতবার পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ছিল দুই হাজার ৩৫৭। এবার তা বেড়ে হয়েছে দুই হাজার ৩৭৬টি। কিন্তু ১৯টি বিদ্যালয় বাড়লেও এবার ছাত্র সংখ্যা কমেছে তিন হাজার ৮২৩ জন। গতবার শতভাগ পাস করেছিল ১৪১টি বিদ্যালয় থেকে। এবার করেছে ৭৬টি বিদ্যালয় থেকে।গতবারের মতো এবার একটিও পাস করেনি এমন শিক্ষার্থী প্রতিষ্ঠান নেই। এ ছাড়া ১০ জনের কম পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানও নেই। আজ বৃহস্পতিবার বেলা একটায় শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ড কর্তৃপক্ষ এটাকে বড় সাফল্য বলে উল্লেখ করেছেন।রাজশাহীর পি এন উচ্চবালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আলী আকবর বলেন, বিদ্যালয়গুলোতে সৃজনশীল প্রশ্নপত্রের জন্য শিক্ষার্থীদের আগে থেকেই তৈরি করা হয়নি। এ ব্যাপারে শিক্ষকদেরও পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না।গতবারের চেয়ে ফলাফল খারাপ হওয়ার ব্যাপারে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরাও বিষয়টি স্বীকারে বলেন, গতবার শিক্ষার্থীরা মাত্র দুটি সৃজনশীল বিষয়ে পরীক্ষা দিয়েছিল। এবার তারা চারটি বিষয়ে সৃজনশীল পরীক্ষা দিয়েছে। নতুন করে সাধারণ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ জন্য শিক্ষকদের এমন সময়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে প্রশিক্ষণ শেষ হতে হতেই শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষ হয়ে গেছে। ফলে শিক্ষার্থীরা প্রশিক্ষিত শিক্ষকদের কোনো যত্ন পায়নি। মানবিক বিভাগের ফলাফল বিপর্যয়ের ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, সাধারণ বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নের কারণেই মানবিক বিভাগের এই বিপর্যয় হয়েছে।