রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার সর্বোচ্চ
এসএসসি পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার দেশের মধ্যে সর্বোচ্চ। বোর্ডের ৪৮ বছরের ইতিহাসে এমন ফল আর হয়নি।গতকাল শনিবার প্রকাশিত ফলের বিবরণ অনুযায়ী, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৫ দশমিক ৬১ শতাংশ, যা দেশের সব কয়টি বোর্ডের মধ্যে সর্বোচ্চ। মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৫৬৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ছয় হাজার ২৪৮ জন এবং ছাত্রী চার হাজার ৩২০ জন। ছাত্রদের পাসের হার ৮৫ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের ৮৫ দশমিক ৬০। ১৯৬২ সাল থেকে এই বোর্ডে এসএসসি পরীক্ষা নেওয়া শুরুর পর এটিই সবচেয়ে ভালো ফল।এই বোর্ডের অধীনে এবার আটটি জেলার দুই হাজার ৩৫৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এ বছর মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৪ হাজার ৬১৯ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৩৩ হাজার ৮৯৫ জন। উপস্থিত মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৭০ হাজার ৮৪ জন এবং ছাত্রী ৬৩ হাজার ৮১১ জন।রাজশাহী বোর্ডে এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯০ দশমিক ৩৬ শতাংশ, বাণিজ্য বিভাগে ৮৭ দশমিক ৪৯ ও মানবিক বিভাগে ৮২ দশমিক ৯৩ শতাংশ।এই বোর্ডে অন্য যেকোনো বছরের তুলনায় এ বছর পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও বেড়েছে। গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ১৪ হাজার ৪৪৫ জন। পাসের হার ছিল ৫৮ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ৪৭৪ জন। ২০০৮ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই লাখ আট হাজার ৬০৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল আট হাজার ৬৫৬ জন।একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন বিদ্যালয়ের সংখ্যা এবার একটিও নেই। গতবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল তিনটি, ২০০৮ সালে আটটি, ২০০৭ সালে ১২টি, ২০০৬ সালে ২২টি, ২০০৫ সালে ৮৮টি এবং ২০০৪ সালে ছিল ১০৩টি। এ বছর ১৪১টি বিদ্যালয় থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এই হার অতীতের যেকোনো বছরের চেয়ে বেশি।রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দীপকেন্দ্র নাথ দাস বলেন, ‘এ রকম ফলের প্রত্যাশায় আমি আন্তরিকভাবে কাজ করেছি। শতাধিক বিদ্যালয়ে সরাসরি গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। সমস্যার কথা জেনেছি এবং দিকনির্দেশনা দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ইংরেজি ও গণিত বিষয়ে আরও বেশি দেখভাল করার জন্য শিক্ষকদের তাগিদ দিয়েছি।’ রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা বলেন, পড়ালেখার মান বেড়েছে। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ ও পড়ার টেবিলমুখী হয়েছে। শিক্ষকেরাও আগের চেয়ে বেশি যত্নবান হয়েছেন। সব মিলিয়েই ভালো ফল হয়েছে। রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা সুলতানার মেয়ে এবার জিপিএ-৫ পেয়েছে। সেলিনা সুলতানা মনে করেন, শিক্ষার্থী ও অভিভাবকের সচেতনতা বাড়ার পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা বেড়েছে। তাই ভালো ফল হয়েছে।রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবার জিপিএ-৫ পেয়েছে তাজাল্লী তাসনীম। তার মতে, শিক্ষক ও মা বাবার যত্ন এবং নিজের চেষ্টার কারণেই ভালো ফল হয়েছে।