রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কলেজে বদলি
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দীপকেন্দ্রনাথ দাসকে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে পাবনা শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।একই সঙ্গে শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তানভিরুল আলমকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার বিদায়ী চেয়ারম্যান নুতন চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মালেকা খায়রুন নেছা স্বাক্ষরিত আদেশে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এ রদবদল আনা হয়েছে। ফ্যাক্স বার্তায় রাজশাহী শিক্ষা বোর্ডে আদেশটি পাঠানো হয়। প্রসঙ্গত, গত বছরের ৩০ মার্চ দীপকেন্দ্রনাথ দাস রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। এর আগে তিনি রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেন। গত বছর আগস্টে তাঁকে অপসারণের দাবিতে রাজশাহীতে মিছিল-সমাবেশ হয়েছিল।