রাজশাহী সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর খানপুর সীমান্ত এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম তাজিরুল ইসলাম। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রাজশাহীর মতিহার থানাধীন খানপুর সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশ গতকাল রাত আটটার দিকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। এলাকাবাসী লাশটি তাজিরুলের বলে শনাক্ত করে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে তাজিরুলসহ বেশ কয়েকজন গরু আনতে ভারত যাওয়ার চেষ্টা করেন। সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের ধাওয়া দেয়। এ সময় অনেকে দৌড়ে চলে এলেও তাজিরুল তা পারেননি। পরে রাতে সীমান্ত এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।