রাজশাহীতে অনুমোদন ছাড়া ইট পোড়ানোর কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর ইটভাটাগুলোতে অনুমোদন ছাড়াই ইট পোড়ানোর কাজ চলছে। পাশাপাশি আইন মেনে ইটভাটা স্থাপন না করায় ইটভাটার জন্য অনুমোদন দেওয়া হচ্ছে না। তবে অনুমোদন না দেওয়া হলেও কেউ বসে নেই বলে অভিযোগ রয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের হিসাব মতে, রাজশাহীর সাতটি উপজেলায় ২০০৮ সালে মোট ১২৫টি ইটভাটা চালু ছিল। এর মধ্যে ১১৯টিরই ইট পোড়ানোর অনুমোদন ছিল না। এগুলো আইন লঙ্ঘন করে চালানো হচ্ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, এখনো সে অবস্থাতেই ভাটার মালিকেরা ইট পোড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এসব ভাটার কোনোটিতে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে, কোনোটির চিমনির মাপ ঠিক নেই এবং পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্রও নেই। তারপরও বিধি লঙ্ঘন করে ফলের বাগান ও আবাসিক এলাকার কাছাকাছি জায়গায় বহালতবিয়তে ইট পোড়ানো হচ্ছে। এতে করে এলাকায় পরিবেশ বিপর্যয় ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। তারপরও এই সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। এ বছর নতুন করে জেলা প্রশাসকের কার্যালয়ে আরও তিনটি ভাটার অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু লাইসেন্স না পেলেও ভাটার মালিকেরা তাঁদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এগুলোর একটি তানোরে, একটি পবায় এবং একটি বাঘা উপজেলায়। তানোরের আহাম্মেদ ব্রিকফিল্ডের স্বত্বাধিকারী আহাম্মেদ আলী বলেন, তাঁরা নিয়ম অনুযায়ী আবেদন করেছেন। এখন অনুমতি দেওয়া না দেওয়া জেলা প্রশাসনের ব্যাপার। তিনি দাবি করেন, বাংলাদেশে কোনো ইটভাটাই শর্ত পূরণ করে চালাতে পারবে না। এ জন্য মন্ত্রণালয় থেকে ইটভাটার ওপর নিয়ন্ত্রণ আরোপ না করার জন্য প্রশাসনকে বলে দেওয়া হয়েছে। তা ছাড়া মানুষ তো বাড়িঘর করতে পারবে না। অথচ ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন ১৯৮৯ অনুযায়ী অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি ইটের ভাটা স্থাপন করতে পারবেন না বা ইট প্রস্তুত বা পোড়াতে পারবেন না। সূত্রমতে, এ বছরের নতুন তিনটি বাদ দিয়ে রাজশাহীর এ ভাটাগুলোর মধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র নেই ১১১টির। অথচ আইন অনুযায়ী পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া কেউ ইটভাটা স্থাপন বা পরিচালনা করতে পারবেন না। আইন অনুযায়ী, ১২০ ফুট চিমনি থাকা বাধ্যতামূলক হলেও রাজশাহীতে ৯৯টি ভাটার চিমনির উচ্চতা ঠিক নেই। জ্বালানি হিসেবে শুধু কয়লা ব্যবহার করার কথা থাকলেও ১০৩টি ভাটায় কয়লার সঙ্গে কাঠও পোড়ানো হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলা সদরের কাছাকাছি এলাকা পবায় রয়েছে ৪৯টি, বাগমারায় ৩৩টি, পুঠিয়ায় নয়টি, মোহনপুরে ১৩টি, চারঘাটে পাঁচটি, বাঘায় দুটি, দুর্গাপুরে আটটি ও গোদাগাড়ি উপজেলায় ১০টি ইটভাটা।শুধু পুঠিয়া উপজেলায় মো. আশরাফুল আহসান, মো. আরিফ হোসেন ও মো. নাসির উদ্দিনের মালিকানাধীন তিনটি গোদাগাড়ি উপজেলার মাহফুজুর রহমান, বাগমারা উপজেলার মো. জাহাঙ্গীর আলম হেলাল ও দুর্গাপুর উপজেলার মো. মাহাবুবুর রহমানের মালিকানাধীন মোট ছয়টি ইটভাটা আইন মেনে চলছে। সরেজমিনে বেশ কয়েকটি ইটভাটায় গিয়ে দেখা গেছে, অনেকেই কয়লার সঙ্গে কাঠ পোড়াচ্ছে। ১২০ ফুট চিমনির বদলে ড্রামের তৈরি মোবাইল চিমনি ব্যবহার করছে। অনেকেই পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র আছে দাবি করলেও দেখাতে পারেননি। তবে অনুমোদন না থাকার কথা সবাই একবাক্যে স্বীকার করেছেন। পবা উপজেলার উজিরপুকুর এলাকায় পাশাপাশি চার-পাঁচটি ইটভাটা চলছে। মালিকেরা বলছেন, রাজশাহীতে কোনো ভাটারই লাইসেন্স নেই। সবাই আবেদন করেছে কিন্তু কাউকেই দেওয়া হয়নি। এ ব্যাপারে পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রাজশাহী বিভাগীয় শাখার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ইকবাল কবির শিল্প মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিভাগীয় কশিনার, জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালকসহ রাজশাহীর নয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানো বিজ্ঞপ্তি দেন। এতে বলা হয়, ‘বেলা জনস্বার্থ রক্ষায় পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র এবং প্রচলিত আইনের বিধান লঙ্ঘন করে গড়ে ওঠা ইটভাটাগুলো বন্ধের দাবি জানাচ্ছে। এ বিষয়ে আপনার গৃহীত পদক্ষেপ এই পত্র পাওয়ার ১০ দিনের মধ্যে বেলাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’ বেলার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যাল জানান, ২০০৮ সালের ৪ মার্চ এই বিজ্ঞপ্তি দেওয়া হয় কিন্তু এ পর্যন্ত তাঁরা এর কোনো জবাব দেননি। তিনি বলেন, বিধিবদ্ধ একটি আইন দায়িত্ব ও কর্তব্যের সৃষ্টি করে। ইটভাটার অনুমোদন প্রদান, পরিদর্শন ও মামলা করা যাঁদের দায়িত্ব তাঁরা এটা এড়িয়ে যেতে পারেন না। কারণ, এ আইন অমান্য করলে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের জেলের বিধান রয়েছে। তিনি বলেন, তাঁদের প্রত্যাশা ভাটার মালিকেরা প্রচলিত আইন মেলে চলুক। তাহলে কৃষিনির্ভর পরিবেশটা রক্ষা পায়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু বলেন, ইট পোড়ানোর আইন লঙ্ঘন করে যেভাবে ইট পোড়ানো হচ্ছে তা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তিনি বলেন, কয়লা ও কাঠ পোড়ানো ভাটার ধোঁয়া থেকে যে কাবর্ন পার্টিকেল নির্গত হয় তা ফসল এবং গাছপালার পাতায় পড়ে এক ধরনের রোগ তৈরি করে ও স্বাভাবিক প্রস্বেদন প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। এটা প্রাণীকূল, গাছপালা ও কৃষি সব কিছুর জন্যই ক্ষতিকর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ড. খন্দকার ফয়সাল আলম বলেন, ইটভাটায় কাঠ ও কয়লা পোড়ানোর ফলে কার্বনডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং সালফারডাই অক্সাইড নির্গত হয় যা ক্যানসার ও হূদরোগের ঝুঁকি বাড়ায়। এ ক্ষেত্রে বিকল্প জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করলে এ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। রাজশাহী জেলা প্রশাসক শেফাউল করিম বলেন, বেআইনি কোনো সিদ্ধান্ত তিনি দিতে পারেন না। তিনি বলেন, যাঁদের লাইসেন্স নেই তাঁদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাঝেমধ্যে জরিমানা করা হয়েছে। তা ছাড়া একেবারে বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তাহলে সরকারের উন্নয়নকাজ ব্যাহত হবে। তিনি বলেন, বিদ্যমান আইনে তাঁরা অনুমোদন পেতে পারেন না। কারণ, এ আইন ঠিক রেখে অনুমোদন দেওয়া কঠিন। সে জন্য আইনটি শিথিল করার জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।