রাজশাহীতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ
রাজশাহী মহানগরের পুকুর, খাল, জলাধার ভরাট করে নিয়ম-বহির্ভূত স্থাপনা নির্মাণ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জলাধার রক্ষার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।রাজশাহী মহানগরের পুকুর, খাল, জলাধার সংরক্ষণের নির্দেশনা চেয়ে সেখানকার বেসরকারি একটি সংস্থা ‘হেরিটেজ রাজশাহী’ রিটটি দায়ের করে। আদালত ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জরিপ করে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। আদালতের রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী এম এ ওবায়েদ হোসেন ও সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন।