রাজশাহীতে অর্ধ কোটি টাকার সোনার গয়না চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের একটি সোনার দোকানে প্রায় অর্ধ কোটি টাকার সোনার গয়না চুরি গেছে। সাহেব বাজার সোনাদীঘি মোড়ের পৌর বিপণিকেন্দ্রের রূপম জুয়েলার্সে গতকাল সোমবার রাতে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ জানায়, জানালা ভেঙে চোরেরা প্রথমে কারিগরদের ঘরে ঢোকে। পরে সেখানকার দরজা ভেঙে দোকানে ঢোকে। চোরেরা দোকানের একটি সিন্দুক ভেঙে ও শেলফ থেকে সব গয়না নিয়ে গেছে। দোকানের মালিক হানিফ আলী জানান, তাঁর দোকানে প্রায় ৭০ লাখ টাকার সোনার গয়না ছিল। চোরেরা দোকানের আরও একটি সিন্দুক ভাঙার চেষ্টা করেছে। তবে সেটি খুলতে পারেনি। ওই সিন্দুকটিতে কতটা রয়েছে, তা হিসাব করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্ধ কোটি টাকার সোনা চুরি গেছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, কারিগরদের ঘরের জানালা ভেতর থেকে লাগানো ছিল না। সে কারণে চোরেরা সহজেই জানালার গ্রিল কাটতে পেরেছে। ভেতর থেকে জানালা লাগানো থাকলে গ্রিল কাটা যেত না। এ চুরির ঘটনার সঙ্গে দোকানের কর্মচারী বা স্থানীয়রা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।