রাজশাহীতে আ.লীগ কার্যালয়ে জামায়াত-শিবিরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল সোমবার সন্ধ্যায় নগরের বিনোদপুর বাজারে জামায়াত-শিবিরের কর্মীরা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়েছেন। পুলিশ এসে তাঁদের ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে নগরের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এবং মহানগর ছাত্রলীগের সহসভাপতি রাতুল গুলিবিদ্ধ হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল নিয়ে বিনোদপুর বাজারে ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালান। তাঁরা কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য জিনিস ভাঙচুর করেন। কার্যালয়ের সামনে রাখা দুটি মোটরসাইকেলে তাঁরা আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের ধাওয়া করে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের গুলিবিনিময় হয়। একপর্যায়ে গুলিতে শহীদুল ইসলাম আহত হন। তাঁর পেটে ও হাতে গুলি লাগে। পরে জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যান। রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, সোয়া আটটার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিনোদপুর বাজারের সেন্ট্রাল মসজিদের পাশে ছাত্রশিবিরের একটি ছাত্রাবাসে হামলা চালিয়ে ভাঙচুর এবং এক শিবির কর্মীকে মারধর করেন।পুলিশ কমিশনার এস এম মনির উজ জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।