রাজশাহীতে আ.লীগের কার্যালয়ের নামে জমি দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের নামে এক ব্যবসায়ীর জমি দখল করেছেন দলীয় নেতা-কর্মীরা। গতকাল সোমবার সকালে নগরের কেন্দ্রস্থল বোয়ালিয়া থানার রামপুর মৌজায় প্রায় পৌনে দুই কাঠা জমি দখল করা হয়।রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান বলেন, ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ওই জমিটি মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের নামে ৯৯ বছরের জন্য ইজারা দিয়েছে। নির্ধারিত ইজারামূল্য পরিশোধ করতে দেরি হওয়ায় তাঁরা এত দিন অপেক্ষা করছিলেন। তাঁদের কাছে ইজারার কাগজ রয়েছে।নগরের দরগাপাড়া এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলাম নিজেকে জমির প্রকৃত মালিক দাবি করে গতকাল দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, রামপুর মৌজায় প্রায় পৌনে দুই কাঠার ওই জমিটি তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন। ৬০ বছর ধরে তাঁরা জমিটি ভোগদখল করে আসছেন। কিন্তু ভুলবশত আরএস খতিয়ান সরকারের নামে হওয়ায় ২০১০ সালে তাঁরা রাজশাহীর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে রেকর্ড সংশোধনীর মামলা (মামলা নম্বর: ৪১/১০) করেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এ মামলায় আজ মঙ্গলবার বিবাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের ধার্য দিন রয়েছে।আশরাফুল বলেন, নিষেধাজ্ঞা থাকা অবস্থায় গতকাল সকালে সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের সহকারী একান্ত সচিব (এপিএস) মীর ইশতিয়াক আহাম্মেদ পুলিশের সহায়তায় দলবল নিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে জমিটি দখল করেন। তাঁরা ওখানে অবস্থিত একটি দোকান ও গ্যারেজ ভাঙচুর করেন।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজশাহীর সিটি মেয়র, পুলিশের মহাপরিদর্শক (আইজি) ও রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের হস্তক্ষেপ চেয়েছেন ওই ব্যবসায়ী।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক এ আর খান, বিজয় দত্ত, তরুণ প্রমুখ। এপিএস মীর ইশতিয়াক আহাম্মেদ প্রথম আলোকে বলেন, ‘সরকার জমিটি রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের নামে ইজারা দিয়েছে। যেহেতু আমি দল করি, (আওয়ামী লীগ) দলের প্রয়োজনে বৈধ কাজে সেখানে গিয়েছিলাম।’ব্যবসায়ী আশরাফুল আরও বলেন, ‘আওয়ামী লীগ জমিটি ইজারা পেতে আবেদন করেছিল। কিন্তু সরকার জমিটির মালিক না হওয়ায় ইজারা দেয়নি।’জমি ইজারার ব্যাপারে জেলা প্রশাসক আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘এই রকম কোনো ইজারার বিষয়ে আমার জানা নেই। তবে মামলাভুক্ত কোনো সম্পত্তি ইজারা দেওয়া যায় না। যিনি জমির মালিক বলে দাবি করছেন তিনি আইনগত ব্যবস্থা নিতে পারেন।’