রাজশাহীতে আওয়ামী লীগ সমর্থকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে আওয়ামী লীগ-সমর্থিত ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জয়ী প্রার্থীর সমর্থকেরা সড়ক অবরোধ করেছে। আজ শুক্রবার তারা এ অবরোধ করে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আক্তারুজ্জামানের সমর্থকেরা অভিযোগ করেছে, গতকাল রাতে দেওপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ আক্তারুজ্জামানের সমর্থকেরা ভোটের আলাপ করছিলেন। পুলিশ এসে তাদের ওপরে হামলা চালায়। মুক্তিযোদ্ধা সংসদের ইউনিয়ন কমান্ডার এবাদুল ইসলাম অভিযোগ করেন, পুলিশের হামলায় তিনিসহ কমপক্ষে ১১-১২ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। এর প্রতিবাদে আজ তাঁরা সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা এ অবরোধ চালাকালে যানজট সৃষ্টি হয়। বেলা একটার দিকে তাঁরা নিজেরাই অবরোধ প্রত্যাহার করে নেন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, ভোটের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁরা জটলা দেখলেই ছত্রভঙ্গ করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে রাত ১০টার দিকে বিএনপি-সমর্থিত প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকেরা ইউনিয়নের রাজাবাড়ী হাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে। পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা লাঠিপেটা ও রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপির সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। বিএনপি সমর্থকেরাও পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। পুলিশ বিএনপি সমর্থকদের লক্ষ করে ৩০টি রাবার বুলেট ছোড়ে।বিএনপি-সমর্থিত পরাজিত প্রার্থী নাসির উদ্দিন বলেছেন, ধরমপুর কেন্দ্রে তাঁর নির্বাচনী এজেন্টদের বের করে দিয়ে কারচুপির আশ্রয় নিয়ে ভোট গণনা করে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে। ওই কেন্দ্রে তাঁর কমপক্ষে ২০০ ভোট বাড়বে। অথচ সব কেন্দ্রে মিলে তাঁকে ১৭ ভোটে পরাজিত দেখানো হয়েছে। তিনি বলেন, পুলিশি হামলায় তাঁর অন্তত ৫০ জন সমর্থক আহত হয়েছে। তিনি দাবি করেন, পুলিশ তাঁর দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। তিনি ধরমপুর কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করেছেন। এ ব্যাপারে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করতে বাধ্য হয়েছে।