রাজশাহীতে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের হেলেনাবাদ পুলিশ কোয়ার্টারে আজ সোমবার সকালে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহত মায়ের নাম সিমি খাতুন (২৭) এবং তাঁর মেয়ে সুমাইয়া খাতুন (৩)। পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে এ কথা জানা গেছে। স্থানীয়রা জানায়, আজ সকালে সিমির বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দমকল বাহিনীকে খবর দেয়। বেলা পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরা। শর্টসার্কিটের কথা শুনে তাঁরা প্রথমে বিদ্যুতের লাইন বন্ধ করে দেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ঘরে ঢুকে মা-মেয়ের লাশ উদ্ধার করেন। লাশের পাশেই রাইস কুকার চড়ানো ছিল। যে চেয়ারে কুকারটি রাখা ছিল সেটাতে তখনো আগুন জ্বলছিল। রাজশাহী ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।