রাজশাহীতে আট পুলিশ তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক পরিবারকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনারসহ (এসি) আট পুলিশের তিন দিনের রিমান্ড আজ মঙ্গলবার মঞ্জুর হয়েছে।নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, সাত দিনের রিমান্ডের আবেদনসহ আট পুলিশকে রাজশাহী মহানগর বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে। আজ দুপুরে শুনানি শেষে বিচারক এফ এম মেজবাউল হক তাঁদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাঁদের রাজপাড়া থানায় নিয়ে আসা হয়। প্রসঙ্গত, ১৭ আগস্ট সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের এসি তৌফিকুল ইসলাম, রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা ও মতিউর রহমান, কনস্টেবল আতিকুর রহমান, গোলাম মর্তুজা, আখতার হোসেন, ইসলাম আলী ও সুজন আলী চিকিৎসক এ আর বাসুনিয়ার বাসায় ঢোকে। তাঁরা তাঁদের জিম্মি করে এক লাখ টাকা আদায় করে নিয়ে আসে বলে পরদিন বাসুনিয়া একটি মামলা করেন। এ ঘটনায় আট পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। গতকাল তাঁদের গ্রেপ্তার করে রাজপাড়া থানা-পুলিশ।