রাজশাহীতে আরেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের মেহেরচণ্ডী এলাকায় গতকাল রোববার রাতে ছাত্রলীগের আরেক নেতাকে কুপিয়ে জখম করেছে একদল যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজ (এনআইসিভিডি) হাসপাতালে পাঠানো হয়েছে। একই এলাকায় গতকাল সন্ধ্যায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন রবিউল ইসলাম নামের এক ছাত্রলীগ-নেতা । ছাত্রলীগের আহত ওই নেতার নাম হাবিবুর রহমান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের উপবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের আবাসিক ছাত্র। কয়েক মাস ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে মেহেরচণ্ডী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকছেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরছিলেন। বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশে শমশেরের মোড় এলাকায় একদল যুবক তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত একটার দিকে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। ভোররাত তিনটার দিকে তাঁকে ঢাকায় পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জেনারেল সাইদুর রহমান বলেন, হাবিবুরের অবস্থা খুব সংকটাপন্ন ছিল। তাঁর নাড়ির স্পন্দন প্রায় ছিল না। তাঁর বাঁ পায়ে (হাঁটুর ওপরে পেছন দিকে) ছুরি ঢুকিয়ে ১০ ইঞ্চি লম্বা ও তিন ইঞ্চি ফাঁক করে কেটে ফেলা হয়েছে। এতে তাঁর বড় দুটি শিরা ও স্নায়ু কেটে গেছে। আপাতত রক্তক্ষরণ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ক্ষত জোড়া দেওয়ার জন্য ভাসকুলার সার্জারির প্রয়োজন। রাজশাহীতে এই বিভাগ নেই। তাই তাঁকে ঢাকায় এনআইসিভিডিতে পাঠানো হয়েছে। এর আগে মেহেরচণ্ডী এলাকাতেই ছাত্রলীগের নেতা রবিউল ইসলামের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনার পর ভোর পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে মোট ২৮ জনকে আটক করা হয়েছে। রবিউলের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিউলের লাশ দাফন করার পর সন্ধ্যায় মামলা হবে। রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামানের ভাষ্য, ছাত্রশিবির ও ছাত্রদল যৌথভাবে গুপ্ত হামলা চালিয়ে তাঁকে (হাবিবুর রহমান) নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে। তিনি হাসপাতালে তাঁর সঙ্গেই রয়েছেন। তাঁর শরীরের অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।