রাজশাহীতে আড়াই হাজার একর অর্পিত সম্পত্তি অরক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে প্রায় আড়াই হাজার একর অর্পিত সম্পত্তি অরক্ষিত অবস্থায় রয়েছে। বিভিন্নভাবে বিপুল সম্পত্তি দখলের চেষ্টা চলছে। বিশেষ করে দলিল জাল করে ওই সম্পত্তি দখলের চেষ্টা চলছে। অনেক জায়গায় সরকারের পক্ষ থেকে শক্তিশালী ভূমিকা না থাকার কারণে দখলদারেরা পার পেয়ে যাচ্ছে।রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে দুই হাজার ৪৯২ দশমিক ৪৪৮৮ একর অর্পিত সম্পত্তি রয়েছে। এর মধ্যে বোয়ালিয়া থানায় ২২৪ দশমিক ০০৫২ একর, পবায় ৬৩ দশমিক ১৬০০ একর, তানোরে ৭১৯ দশমিক ৪৯০০ একর, গোদাগাড়িতে ৪৬৪ দশমিক ৯০৭৫ একর, মোহনপুরে ১১৭ দশমিক ০৮২৫ একর, বাগমারায় ৩৫৪ দশমিক ৬৯৫০ একর, পুঠিয়ায় ১৫৩ দশমিক ৭৩০০ একর, দুর্গাপুরে ২৬২ দশমিক ৪৮০০ একর, বাঘায় ৫৫ দশমিক ১৭১১ একর ও চারঘাটে ৭৭ দশমিক ৭২৭৫ একর। ওই সম্পত্তিগুলো বিভিন্নভাবে দখলের চেষ্টা চলছে। সূত্র জানায়, রাজশাহী শহরের ঘোড়ামারা এলাকায় অর্পিত সম্পত্তির পাঁচটি বাড়ি রয়েছে। ওই বাড়িগুলো বার্ষিক ভাড়ার ভিত্তিতে ইজারা দেওয়া হয়। আবদুর রউফ এদের একজন ইজারাদার, ওই পাঁচটি বাড়ি নিজের দাবি করে তিনি রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। মামলা নম্বর ৩৬২/০৭। অথচ তিনি ২০০৭ সাল পর্যন্ত সরকারকে ভাড়া পরিশোধ করেছেন। রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কার্যালয় সূত্রে জানা গেছে, আবদুর রউফের মামলার নথিতে দেওয়া দলিলে দেখা যায়, ১৯৪৫ সালের ২৩ জুন তিনি ওই জমি মহেন্দ্র কুমার সাহা চৌধুরীর কাছ থেকে রেজিস্ট্রি করে নিয়েছেন। চক্রটি হিসাব করেছে, ওই সময়ের নথি আর খুঁজে পাওয়া যাবে না। তবে নথি না পাওয়া গেলেও তার জমির দলিলে মারাত্মক কিছু ত্রুটি পাওয়া গেছে, যাতে সহজেই ওই জালিয়াতি ধরা পড়ে। যেমন—দলিল রেজিস্ট্রেশনের তারিখের পাশে দলিল নম্বর দেওয়া আছে ১১৫২। অপরদিকে পেইজ ভলিয়মে নম্বর দেওয়া আছে ১১৫৭। মামলার নথির সঙ্গে জমা দেওয়া ডিসিআর ছাপার সাল ১৯৬৮। অথচ সেই ডিসিআর ইস্যুর তারিখ দেওয়া আছে ১৩ বছর আগের। ১৯৫৫ সালের ২৪ জুন। আবার ১৯৫৫ সালের কম্পিউটার কম্পোজ দাখিলা জমা দেওয়া হয়েছে। অথচ ওই সময় কম্পিউটার তৈরি হয়নি। আদালতে ওই বাড়ির ওপরে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে। সরকার আবদুর রউফের বাড়ির ইজারা বাতিল করার পর তিনি এ বাতিলাদেশের ওপর আদালতের নিষেধাজ্ঞা চেয়েছেন। নিম্ন আদালত তার আবেদন খারিজ করে দিলে তিনি জজ কোর্টে মোশান করেছেন। এ মাসেই ওই মামলার তারিখ রয়েছে। সূত্র জানায়, রাজশাহী মহানগরীর শিরোইল এলাকার রেলওয়ের ঠিকাদার শেঠ টিউমল রায় ভারতে চলে যাওয়ার পর তার বিপুল পরিমাণ সম্পত্তি সরকারের অর্পিত সম্পত্তির ব্যবস্থাপনায় চলে আসে। অথচ ওই সম্পত্তির কিছু অংশ শাজাহান নামের এক ব্যক্তি রেকর্ড করে নেন। অন্যদিকে ওই এলাকার অরুণা ব্যানার্জী শিরোইল এলাকার প্রায় সাত একর মূল্যবান সম্পত্তির পুরোটাই নিজের দাবি করে সরকার ও শাজাহানের নামে রাজশাহী সাব জজ আদালতে মামলা করেন। যার নম্বর ১১৫/৯০। শেষ পর্যন্ত মামলাটি অর্থঋণ আদালতে যায়। যার মামলা নম্বর ১/০১। রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালত গত বছর ২৮ জানুয়ারি সরকার পক্ষে রায় দেন। রাবেয়া বেওয়া ও শাজাহানের দলিল নকল প্রমাণিত হয়।একইভাবে নগরীর সাগরপাড়া এলাকায় সাড়ে সাত কাঠা জমিসহ একটি সরকারি বাড়ি বার্ষিক ভাড়ায় ইজারা নিয়ে থাকেন আবু বাক্কার খান নামের এক ব্যক্তি। তিনি সরকারকে ২০০৭ সাল পর্যন্ত ভাড়া পরিশোধও করেছেন। এ বছরই তার ভাগ্নে আবদুস সামাদ বাড়িটির মালিকানা দাবি করে সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামালা করেন। এ মামলায় আবু বাক্কার খান ভাগ্নের পক্ষে সাক্ষী দেন এবং আদালত তার পক্ষে রায় দেন। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার পরে জেলা প্রশাসক তার ডিক্রি বাতিলের জন্য আপিল মামলা করেছেন। মামলা নম্বর ৩৯/০৯। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কার্যালয় থেকে জানা গেছে, ১৯৬০ সালের ২৯ অক্টোবর যশোর (বর্তমান নড়াইল) জেলার কালিয়া সাবরেজিস্ট্রি অফিসে ওই বাড়ি ক্রয়ের দলিল সম্পাদন করা হয়েছে। বিক্রেতার নাম দেওয়া হয়েছে বীণাপাণি দেবী। দলিল নম্বর ১৭৯৫। সূত্র জানায়, ওই দলিলের সাবরেজিস্টারের স্বাক্ষর তিন জায়গায় তিন রকম। গত বছর ৯ এপ্রিল ওই দলিলের যথার্থতা যাচাইয়ের জন্য রাজশাহীর তত্কালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. মো. জাহাঙ্গীর আলম নড়াইলে একটি চিঠি পাঠানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত এর কোনো জাবাব পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক রাজশাহী (রাজস্ব) মোয়াজ্জেম হোসেন বলেন, অর্পিত সম্পত্তির মধ্যে ১৯৮৪ সাল পর্যন্ত যেগুলো ইজারা তালিকাভুক্ত হয়েছে, সেগুলোই তারা ইজারা দিচ্ছেন। এগুলো থেকেই সরকার রাজস্ব পাচ্ছে। এ তালিকার বাইরে যে পরিমাণ সম্পত্তি রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। সেগুলো থেকে সরকার কোনো রাজস্বও পাচ্ছে না। তারা বিভিন্ন মিটিংয়ে এ বিষয়ে কথা তুলছেন। এ বিপুল পরিমাণ সম্পত্তি ইজারাভুক্ত না করায় সরকার বিরাট অঙ্কের রাজস্ব হারাচ্ছে।