রাজশাহীতে উচ্চাঙ্গসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনে গতকাল বুধবার থেকে দুই দিনব্যাপী গুণীজন সম্মাননা ও উচ্চাঙ্গসংগীত উৎসব শুরু হয়েছে। বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন উচ্চাঙ্গসংগীত-সাধক মঞ্জুশ্রী রায়। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উচ্চাঙ্গসংগীত-সাধক পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। অনুষ্ঠানের প্রথম পর্বে পণ্ডিত শিবনাথ দাস (রাজশাহী) এবং পণ্ডিত বিজন কুমার চৌধুরীকে (চট্টগ্রাম) সম্মাননা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল হোসেন। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৌমিত্র ব্যানার্জি। দ্বিতীয় পর্বে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন কলকাতার কণ্ঠশিল্পী তুষার দত্ত ও রাজশাহীর অনুপ কুমার দাস।