রাজশাহীতে এক জামায়াত নেতা ও শিবিরের ২ কর্মী আটক
রাজশাহীতে জামায়াতের এক নেতাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দুজন কর্মীকে আটক করেছে মতিহার থানা পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবিরের সশস্ত্র হামলা, হতাহত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে আজ শনিবার পুলিশের পৃথক দুটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।আটক জামায়াত নেতার নাম আফাস উদ্দীন সরকার এবং আটক ছাত্রশিবিরের দুই কর্মী হলেন নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুর রাজ্জাক ও গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবু তাহের।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও মতিহার থানা সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাটাখালী বাজার থেকে কাটাখালী পৌর শাখা জামায়াতের সহসভাপতি আফাস উদ্দীন সরকারকে আটক করেন। প্রায় একই সময়ে মতিহার থানার পুলিশের অন্য একটি দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সামনে থেকে আবদুর রাজ্জাককে আটক করে। পরে পুলিশের সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আবু তাহেরকে আটক করেন। পরে আটক শিবিরের কর্মীদের মতিহার থানায় নিয়ে যাওয়া হয়।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।