রাজশাহীতে এক বখাটের ছয় মাসের কারাদণ্ড
রাজশাহীতে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজু আহাম্মেদ (১৬) নামের এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার তাকে এই সাজা দেওয়া হয়। রাজুর বাড়ি নগরের শিরোইল পশ্চিমপাড়া।অভিযোগ সূত্রে জানা গেছে, রাজু নগরের শালবাগান এলাকার ইউসেফ স্কুলের দুই ছাত্রীকে অনেক দিন থেকে উত্ত্যক্ত করে আসছিল। সে তার কয়েকজন সঙ্গী নিয়ে প্রায়ই বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকাদের বড় বড় পাথর ও কাচের শিশি ছুড়ে মারে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে রাজশাহীর জেলা প্রশাসক, বোয়ালিয়া থানায় ও র্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুইবার সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। তবে ওই সময় রাজুকে পাওয়া যায়নি।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, আজ সকাল ১০টার দিকে বিদ্যালয়ে আসার পথে রাজু ইউসেফ স্কুলের দুই ছাত্রীর পথরোধ করে একজনকে ভালোবাসি বলে ওড়না ধরে টানাটানি করতে থাকে। একপর্যায়ে রাজু ধাক্কা দিয়ে একজন ছাত্রীকে মাটিতে ফেলে দেয়। সেখান থেকে ওই দুই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে বিষয়টি তাদের শিক্ষকদের জানায়।শিক্ষকেরা রাজুকে স্কুলে এনে বুঝানোর চেষ্টা করলে উল্টো সে শিক্ষকদের হুমকি দেয়। পরে শিক্ষকেরা নগরের বোয়ালিয়া থানায় খবর দেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম বলেন, ইউসেফ স্কুলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাজুর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।