রাজশাহীতে একটি বুথের ইভিএম অচল, কেন্দ্র ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এবার প্রথমবারের মতো তিনটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। কিন্তু ভোট গণনার সময় একটি কেন্দ্রের একটি বুথের ইভিএম আর চালু করা যায়নি। প্রতিবাদে এলাকাবাসী ওই কেন্দ্রটি ঘেরাও করেছে। ওই কেন্দ্রে ৩৯০টি ভোট রয়েছে। রাত আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রটি ঘেরাও করে রাখা হয়। রাজশাহী মহানগরের আট নম্বর ওয়ার্ডের টিচার্স ট্রেনিং সেন্টার, লক্ষ্মীপুর ল্যাবরেটরি স্কুল ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয় কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে গণনা করতে গেলে রাজশাহী টিচার্স ট্রেনিং কেন্দ্রের একটি বুথের এভিএম আর কাজ করেনি। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন গিয়ে ভোটকেন্দ্রটি ঘেরাও করে। স্থানীয় লোকজন ওই কেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তাসহ ভোটের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনকে বের হতে দেয়নি।১৮-দলীয় জোটের মেয়র পদপ্রার্থী রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেনের সমর্থক সম্রাট নামের একজন যুবক বলেন, ওই কেন্দ্রে ৩৯০টি ভোট রয়েছে। সব ভোটই মোসাদ্দেক হোসেন পাবেন। কেন্দ্রের ভোট গণনা শেষ করা ছাড়া তাঁরা এখান থেকে ভোটের যন্ত্র নিয়ে যেতে দেবেন না। এ ব্যাপারে কথা বলার জন্য বার বার রিটার্নিং কর্মকর্তার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইভিএমের ওই বিষয়টি নিয়ে তাঁরা একটু ব্যস্ত আছেন। পরে কথা বলবেন।