রাজশাহীতে এবার ব্যবসায়ীর লাশের ওপর কচুগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ১০ দিনের মাথায় আজ শুক্রবার আবারও এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম মাহাবুব আলম ওরফে রাসেল। রাজশাহী মেডিকেল কলেজের কঙ্কাল ব্যবসায়ী দুই ছাত্র বন্ধু মাহাবুবকে ১৮ দিন আগে হত্যা করে লাশ মেডিকেল কলেজের একটি ক্যানটিনের পেছনে ড্রেনে পুঁতে রেখেছিলেন। এর পর মাটিচাপা দিয়ে সেখানে কচুগাছ লাগিয়ে দেওয়া হয়।নিহত ব্যবসায়ী মাহাবুবের বাড়ি নাটোরের লালপুর উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে। তিনি ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসায়ী। লালপুরের আবদুলপুরে তাঁর দোকান রয়েছে।এ ঘটনায় আজ ভোরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক আত্মীয়ের বাসা থেকে রাজশাহী মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের ছাত্র জ্যোতির্ময় সরকার ওরফে জয়কে গ্রেপ্তার করেছে র্যাব। জয় জিজ্ঞাসাবাদে মাহাবুবের সঙ্গে তাঁর সম্পর্ক ও হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় র্যাব।র্যাবের রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের কমান্ডার মেজর এইচ এম আনোয়ার আলী জানান, জ্যোতির্ময় র্যাবের কাছে হত্যাকাণ্ডের পুরো বর্ণনা দিয়েছেন।জোতির্ময়ের স্বীকারোক্তির বরাত দিয়ে র্যাব জানায়, জ্যোতির্ময় ও মেডিকেল কলেজে একই বর্ষের ছাত্র সাব্বির হোসেন কঙ্কালের ব্যবসা করেন। জ্যোতির্ময়ের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার নন্দিকুজা গ্রামে। সাব্বিরের বাড়ি গাজীপুরের কোনাবাড়ী এলাকায়। জ্যোতির্ময় নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাপার কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেছেন। ওই কলেজে পড়ার সময় সহপাঠী মাহাবুবের সঙ্গে তাঁর অন্তরঙ্গ গড়ে ওঠে। উচ্চমাধ্যমিক পাস করার পর মাহাবুব রাজশাহী কলেজে অর্থনীতি বিভাগে ভর্তি হন। জ্যোতির্ময় ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে। থাকেন কলেজের পিংকু ছাত্রাবাসের ১০৯ নম্বর কক্ষে। মেডিকেল কলেজে পড়ার সময় একই বর্ষের সাব্বিরের সঙ্গে জ্যোতির্ময়ের বন্ধুত্ব গড়ে ওঠে। জ্যোতির্ময়ের মাধ্যমে মাহাবুবের সঙ্গে পরিচয় হয় সাব্বিরের। এই সুবাদে জ্যোতির্ময় ও সাব্বির দুজনই মাহাবুবের বাড়িতে যাওয়া-আসা করতেন।তিন বছর আগে মাহাবুব পড়াশোনা ছেড়ে দেন। এরপর তিনি লালপুরের আবদুলপুরে একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকান করেন। রাজশাহীতে যাওয়া-আসার পথে দুই বন্ধু জ্যোতির্ময় ও সাব্বির প্রায়ই মাহাবুবের দোকানে তাঁর সঙ্গে দেখা-সাক্ষাত্ করতেন।জ্যোতির্ময় জানান, সাব্বির আর তিনি কঙ্কালের ব্যবসা করেন। এ ব্যবসার জন্য জ্যোতির্ময় মাহাবুবের কাছ থেকে দেড় লাখ টাকা নেন। চুক্তি অনুযায়ী এই টাকার জন্য মাসিক ১৫ শতাংশ সুদ দেওয়ার কথা ছিল। এ ছাড়া আইপিএল ক্রিকেট খেলায় বাজি ধরার জন্য মাহাবুবের কাছ থেকে তিন লাখ টাকা নেন সাব্বির। কিন্তু তিনি বাজিতে হেরে টাকা খোয়ান। আর জ্যোতির্ময় অন্যভাবে কাজে টাকা খরচ করে ফেলেন। টাকা ফেরত না দেওয়ার জন্য তাঁরা দুজনে মিলে পরিকল্পনা করেন। এ জন্য তাঁরা তাঁদের ছাত্রাবাসের ছাদে বসে মাহাবুব আলমকে হত্যার ফন্দি আঁটেন। এ জন্য তাঁরা চেতনানাশক ইনজেকশন, ঘুমের বড়ি, সিমেন্ট কিনে রাখেন।জ্যোতির্ময়ের স্বীকারোক্তি ও মাহাবুবের বাবা মকবুল হোসেনের বরাত দিয়ে র্যাব আরও জানায়, ৪ এপ্রিল সাব্বির আবদুলপুরে মাহাবুবের দোকানে যান। এ সময় মাহাবুবের বাবা মকবুল হোসেন দোকানে উপস্থিত ছিলেন। সাব্বির মাহাবুবকে জানান, তাঁর সঙ্গে ঢাকায় গেলে তিনি তাঁকে ইলেকট্রনিক সামগ্রী কিনে দিতে পারবেন। এ জন্য ঢাকায় যাওয়ার জন্য মাহাবুবকে নিয়ে বিকেল পাঁচটার দিকে তাঁরা দুজন ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ওঠেন।ছেলে তাঁর বন্ধুর সঙ্গে চলে যাওয়ার পর মকবুল হোসেন ওই দিন সন্ধ্যা সাতটার পরে ছেলের মোবাইল ফোনে ফোন করেও পাননি। তখন সাব্বির ও জ্যোতির্ময়ের মোবাইলে ফোন করেন মকবুল হোসেন কিন্তু তাঁদের ফোন বন্ধ পান। ৯ এপ্রিল জ্যোতির্ময়ের ফোন খোলা পেয়ে মকবুল হোসেন তাঁর ছেলের কথা জানতে চান। তখন জ্যোতির্ময় বলেন, ১০ এপ্রিলের মধ্যে তাঁর ছেলেকে বাড়িতে পৌঁছে দেবেন। এরপর মকবুল হোসেন ছেলে বন্ধুদের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেননি। ছেলের কোনো সন্ধান না পেয়ে মকবুল হোসেন ১৫ এপ্রিল জ্যোতির্ময় ও সাব্বিরকে আসামি করে লালপুর থানায় একটি অপহরণ মামলা করেন।জ্যোতির্ময় জানান, পরিকল্পনা অনুযায়ী ৪ এপ্রিল সাব্বির মাহাবুবকে ট্রেনে তুলে নিয়ে পাবনার চাটমোহর গিয়ে বলেন, ‘জ্যোতির্ময়ের কাছ থেকে টাকা নিতে হবে, চল আগে রাজশাহী যাই।’ এরপর চাটমোহর থেকে ফিরতি ট্রেনে সাব্বির ও মাহাবুব রাজশাহী পৌঁছান। পরে তাঁরা মেডিকেল কলেজে চলে যান। রাত নয়টার দিকে তাঁরা তিন বন্ধু কলেজের চারু মামার ক্যানটিনের পেছনে গিয়ে ফেনসিডিল ও গাঁজা সেবন করেন। পরিকল্পনা অনুযায়ী আগেই মাহাবুবের ফেনসিডিলের বোতলে ছয়টি ঘুমের বড়ি গুঁড়ো করে মিশিয়ে রাখা হয়। ফেনসিডিল সেবনের পরপর মাহাবুব ঘুমিয়ে পড়লে তাঁর ডান হাতে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়। ওই চেতনানাশক ইনজেকশন ছিল অতি উচ্চমাত্রার। ঘুমের বড়ির সঙ্গে উচ্চমাত্রার চেতনানাশক দেওয়ায় কিছুক্ষণের মধ্যে মাহাবুব মারা যান। এরপর লাশ ক্যানটিনের পেছনের একটি বদ্ধ ড্রেনের মধ্যে ফেলে গায়ে সিমেন্ট ছিটিয়ে তার ওপর পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর মাটিচাপা দিয়ে তার ওপর কচুগাছ লাগিয়ে দেওয়া হয়।মেজর আনোয়ার জানান, জ্যোতির্ময়কে আটকের পর আজ দুপুরে তাঁকে নিয়ে মেডিকেল কলেজে আসা হয়। এ সময় মাহাবুবের বাবা মকবুল হোসেনও উপস্থিত ছিলেন। এরপর জ্যোতির্ময়ের দেখিয়ে দেওয়া স্থানে ভরাট ড্রেনে সদ্য লাগানো কচুগাছ উপড়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। সিমেন্ট দেওয়ার কারণে লাশপচা গন্ধ বাইরে ছড়ায়নি।মাহাবুবের বাবা মকবুল হোসেন বলেন, ‘ভাবতে পারিনি যে ছেলেকে তার বন্ধুরা এভাবে নৃশংসভাবে খুন করবে।’মাহাবুব মকবুল হোসেনের একমাত্র ছেলে। মাহাবুব বিয়ে করেছিলেন। তাঁর দুই বছর তিন মাস বয়সী একটি ছেলে রয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা লালপুর থানার উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমান বলেন, মাহাবুবের পরনে চেক শার্ট ও চেক লুঙ্গি ছিল। ময়নাতদন্ত শেষে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।