রাজশাহীতে এবারও মেয়েরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যের ধারাবাহিকতায় গতবারের মতো রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। শিক্ষক অভিভাবক-সবাই বলছেন মেয়েরা ছেলেদের চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগী।রাজশাহী বোর্ডে এবার পাসের হার ৭৯ দশমিক ০১ শতাংশ। এর মধ্যে ছেলে ৭৬ দশমিক ৭৪ ও মেয়েদের ৮১ দশমিক ৭১ শতাংশ। গতবার ছেলেদের পাসের হার ছিল ৭৪ দশমিক ২০, মেয়েদের হার ছিল ৭৬ দশমিক ৮৬।তবে মোট জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে গতবারের মতোই ছেলেরা এগিয়ে রয়েছে। এবার রাজশাহী বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে দুই হাজার ৯৪৯ জন এবং মেয়ে দুই হাজার ৬৩৯জন।পাসের হারে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়িক শিক্ষা—এই তিন বিভাগেই মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করেছে। বিজ্ঞান বিভাগের মেয়েদের পাসের হার ৭৭ দশমিক ৩৫ শতাংশ, অন্যদিকে ছেলেদের ৭১ দশমিক ৯৯ শতাংশ। মানবিক বিভাগের মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৬০ শতাংশ আর ছেলেদের ৭২ দশমিক ৮৬ শতাংশ। বাণিজ্য বিভাগের মেয়েদের পাসের হার ৯২ দশমিক ৭৩ শতাংশ এবং ছেলেদের ৮৬ দশমিক ৫৩ শতাংশ।এবার রাজশাহী শিক্ষা বোর্ডে সেরা ২০ কলেজের মধ্যে রয়েছে রাজশাহী সরকারি মহিলা কলেজ। এই কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান বলেন, মেয়েরা শ্রেণীকক্ষমুখী। অনেক সময় ছেলেরা বখে যায় কিন্তু মেয়েরা এই সব বিপদ থেকে অনেকটা মুক্ত থাকে। সামাজিক কারণেই মেয়েরা পড়াশোনায় একটু এগিয়ে থাকে।রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা বলেন, মেয়েরা ছেলেদের মতো মোড়ে মোড়ে আড্ডা দেয় না। তারা পড়াশোনার ব্যাপারে খুবই যত্নবান।