রাজশাহীতে ওলামা পরিষদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবিতে আজ শুক্রবার রাজশাহীতে কোরআন শরিফ নিয়ে মিছিল করেছেন ওলামা পরিষদের নেতা-কর্মীরা। মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।বাদ জুমা নগরের সাহেববাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সোনাদীঘি মোড় মসজিদের সামনে পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে ওলামা পরিষদের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত ওলামা পরিষদের রাজশাহী শাখার সভাপতি মাওলানা আবদুস সামাদ ও সাধারণ সম্পাদক এইচ এম শহীদুল ইসলাম। তাঁরা সরকারের নারী নীতিকে কোরআনবিরোধী উল্লেখ করে এটি বাতিলের দাবি জানান। এদিকে, বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, পুলিশ তাঁদের মিছিলে কোনো বাধা দেয়নি। তাঁরা জিরো পয়েন্টে শান্তিপূর্ণ সমাবেশ করেছেন।