রাজশাহীতে কয়েকজন জনপ্রতিনিধিকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগে কয়েকজন জনপ্রতিনিধিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আজ বুধবার স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে এসব জনপ্রতিনিধির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকারসচিব জানান, সিলেট, বরিশাল, খুলনা ও রাজশাহীর নির্বাচনী এলাকায় কোনো সরকারি গাড়ি (উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র ও জেলা প্রশাসনের গাড়ি) প্রবেশ করলে তা জব্দ করতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি কোনো প্রয়োজনে এসব গাড়ি নির্বাচনী এলাকায় ঢোকাতে হলে স্থানীয় সরকার বিভাগের অনুমতি নিতে হবে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকেও গোপন প্রতিবেদন চাওয়া হয়েছে।১৮ দলের সমর্থিত মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেনের প্রচারণা সভায় যোগ দিতে গতকাল পাবনা সদর পৌরসভার মেয়র কামরুল ইসলাম তাঁর সরকারি প্রাডো গাড়িটি নিয়ে রাজশাহী যান। নাটোরের একজন মেয়র নাটোর ঠ-১১-০০২০ নম্বর জিপটি নিয়ে গিয়েছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সরকারি একটি প্রকল্পের গাড়ি (সিরাজগঞ্জ ঠ-১১-০০৩৩) নিয়ে রাজশাহী যান শাহজাদপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম। আরেকটি গাড়ির (১৩-০৮০০) সামনে লেখা ছিল, ‘মেয়র, বাগাতীপাড়া পৌরসভা’।আরও কয়েকটি সরকারি গাড়ি ছিল ওই রেস্তোরাঁর সামনে। তবে সাংবাদিকেরা ছবি তুলতে গেলে চালকেরা দ্রুত গাড়িগুলো নিয়ে সটকে পড়েন। একই অভিযোগে সিলেটে ১৪ জন উপজেলা পরিষদ চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।