রাজশাহীতে কলেজছাত্র নাদিমুজ্জামান ওরফে সাদের হত্যার নেপথ্য প্রেমঘটিত ব্যাপার রয়েছে বলে জানিয়েছে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কায়সার আহাম্মেদ ওরফে অনীক। আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদে আসামি কায়সার আহাম্মেদ এ দাবি করেছে বলে পুলিশ জানিয়েছে।আজ এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। কায়সার আহাম্মেদ ছাড়াও গ্রেপ্তার হওয়া অপর দুই আসামি হলেন মাসুদ ইবনে আলী ওরফে শাওন ও রাশিদুল ইসলাম ওরফে বিপু।মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, ‘মাসুদ ইবনে আলীকে নিয়ে নগরের চামড়াপট্টি এলাকায় অভিযান চালানো হয়। মাসুদ সেখানে আলাউদ্দিন ছাত্রাবাসে থাকত। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ মাসুদের কক্ষ থেকে রক্তমাখা ছুরি, চাদর ও কম্বল উদ্ধার করেছে। পুলিশ তার বালিশের নিচের তোশক সরিয়ে রক্তমাখা ছুরি পায়। ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানিয়েছে, বখাটে ছেলেদের সঙ্গে মেলামেশার কারণে কয়েক দিন আগে তারা মাসুদকে দোতলা থেকে নিচ তলায় নামিয়ে দিয়েছেন।’পুলিশ জানিয়েছে, পলাতক আসামি সুইট ও কোয়েল আপন চাচাত ভাই। আসামি রাশিদুল ইসলাম সুইটের খালাত ভাই। এই পাঁচ আসামির মধ্যে কোয়েল বখাটে। সে কলেজে পড়ার কথা বললেও আসলে রাজশাহীতে সে কোনো কলেজেই পড়ে না। সে ঢাকায় একটি পোশাককারখানায় কাজ করত। কিছুদিন আগে রাজশাহীতে এসে একই গ্রামের ছেলে সুইটের সঙ্গে যোগ দিয়ে নগরের শিরোইল মঠপুকুর এলাকার ওই বাড়ির নিচতলা ভাড়া নিয়েছিল। গ্রেপ্তার হওয়া কায়সার আহাম্মেদ আজ জিজ্ঞাসাবাদের পুলিশের কাছে দাবি করেছে, নাদিমুজ্জামানের সঙ্গে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। ওই মেয়ের সঙ্গে সুইট সম্পর্ক গড়ে তোলে। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সুইট ঘটনার প্রায় ছয়দিন আগে নাদিমুজ্জামানকে খুনের পরিকল্পনা করে। তবে গ্রেপ্তার অন্য দুই আসামি বলেছে, কী কারণে সুইট এই খুনের সিদ্ধান্ত নিয়েছিল তারা তা জানে না। নাদিমুজ্জামানকে খুন করলে সুইট তাদের ৭০ লাখ করে টাকা দেবে। আর কায়সার আহাম্মেদকে একটি পালসার মোটরসাইকেল দেবে। এই টাকা কীভাবে, কোথা থেকে দেবে, তা তারা কেউ জানতে চায়নি।এদিকে গতকাল বুধবার রাতে ময়নাতদন্ত শেষে নাদিমুজ্জামানের লাশ রহনপুরের মোকাররমপুর ঘাটে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, ‘জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে, তাতে প্রেমঘটিত কারণেই এই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে রিমান্ডে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।’