রাজশাহীতে কিশোর অপরাধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বাবা-মা খুব কড়া। আমাকে বোঝে না। তাদের আমলে ১০ টাকা নিয়ে কলেজে গেছে। আমাকেও এখন তা-ই হাতে ধরিয়ে দেয়’—রাজশাহীতে পুলিশের হাতে গ্রেপ্তারের পর একজন কিশোর অপরাধী এভাবে তার পরিবারের প্রতি বিতৃষ্ণা প্রকাশ করেছে। রাজশাহী নগরে তার মতো বহু কিশোর জড়িয়ে পড়ছে অপরাধজগতের সঙ্গে। পুলিশ জানিয়েছে, মাদক সেবন, বান্ধবীদের সঙ্গে ঘোরা, তাদের পেছনে খরচ, মোবাইল ফোনে গালগল্প এসব কিশোর-তরুণের প্রধান কাজ। তারা বই পড়ে না। গান শোনে না। ভালো সিনেমা দেখে না। পড়ে থাকে পর্নো ওয়েবসাইটে। এসব খরচ মেটাতে তারা রীতিমতো চুরি, ছিনতাই, অপহরণের সঙ্গেও জড়িয়ে যাচ্ছে। তারা স্কুলব্যাগে সাইকেলের তালা কাটার যন্ত্রটা বয়ে বেড়ায়। ফেনসিডিল খেয়ে ক্লাসে ঢোকে। কিন্তু অভিভাবকেরা এর কিছুই টের পান না। আর যখন তাঁরা বুঝতে পারেন, তখন আর কিছুই করার থাকে না। নগরের রাজপাড়া থানায় গ্রেপ্তার রাহিদ (ছদ্মনাম) পুলিশকে জানিয়েছে, তাকে বাসায় কঠোর শাসনে রাখা হতো। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো না। তার অ্যাজমার সমস্যা। চিকিৎসক নিষেধ করার পর সে ফেনসিডিল সেবন বন্ধ রেখেছে। নিশান (ছদ্মনাম) জানায়, তার প্রধান নেশা ফাস্টফুড, ফেনসিডিল আর রাতে নেটে পর্নো ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করা। ফেনসিডিল খেলে বাড়িতে কেউ বুঝতে পারে কি না, জানতে চাইলে সে জানায়, খাওয়ার পর চোখ লাল হয়ে থাকে। তাই বাসায় যাতে বুঝতে না পারে সে জন্য কলেজে যাওয়ার সময়ই পথে সে ফেনসিডিল খায়।পুলিশ জানায়, এসব তরুণের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন দলে ভাগ হয়ে তারা কাজ করে। যখন টাকা ফুরিয়ে যায়, তখন দলের সঙ্গে চুরি-ছিনতাইয়ে বের হয়। নগরের সব এলাকায়ই এরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ১২ নভেম্বর সাতজনের এ রকম একটি দল নগরসংলগ্ন হরিপুর ইউপির চেয়ারম্যানের কাছে বিতরণের সময় ভিজিএফের দুই বস্তা চাল দাবি করে। এর আগেও কলেজে অনুষ্ঠানের নামে তারা চেয়ারম্যানের কাছ থেকে চাঁদা নিয়েছে। চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান বলেন, পরের বার দুই বস্তা চাল দাবি করলে তিনি বুঝতে পারেন, এরা ভালো ছেলে নয়। তিনি তাদের ফিরিয়ে দেন। ওই দিন সন্ধ্যায় এরা তার দপ্তরে গোবর ছিটিয়ে নোংরা করে দেয়। পরে পুলিশ দিয়ে তাদের আটক করে সামাজিক বিচার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ওবায়দুর রহমান বলেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ পুলিশের একার কাজ নয়। সামজিক বিভিন্ন সংগঠন ও অভিভাবকদের এ ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করতে হবে।