রাজশাহীতে কুষ্টিয়ার আখড়া বাড়ির লালনসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যারিটেজ রাজশাহীর উদ্যোগে গত ২৯ ডিসেম্বর রাতে রাজশাহীতে শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে কুষ্টিয়ার নবপ্রাণ আখড়াবাড়ির শিল্পীদের পরিবেশনায় এক প্রাণবন্ত লালনসন্ধ্যা অনুষ্ঠিত হয়।কথা ও গানে বিশিষ্ট কবি, সাহিত্যিক ও লালন ঘরানার ধারক ফরহাদ মজহার লালনের মরমি গানের ভাব বিশ্লেষণ করেন। অনুষ্ঠানে আখড়াবাড়ির শিল্পী ফরিদা আখতার, আয়শা আক্তার, কোহিনুর আক্তার, সীমা দাস, আবদুল কুদ্দুস ও স্থানীয় শিশুশিল্পী সাদিয়া পারভীন লালনের গান পরিবেশন করে। এতে শঙ্কর লাল খোল ও আবদুল কুদ্দুস দোতারা বাজিয়েছেন। ফরহাদ মজহার নদীয়ার ভাব ব্যাখ্যা করতে গিয়ে বলেন, নুন যেমন সাগরে পড়ে মিশে যায়, তেমনি নদীয়া সব ধর্ম, বর্ণ ও বাণীকে গ্রহণ করেছে, কিন্তু নিজস্বতা হারায়নি। সে জন্য নদীয়ার ভাব একটি স্বতন্ত্র বিষয়। তিনি বলেন, গানে লালন বলেছেন, ‘তিন পাগলে হইলো মেলা নইদে এসে।’ এই তিন পাগল হলেন—অদ্বৈতাচার্য, নিত্যানন্দ ও চৈতন্য দেব। তাঁরা তিনজন নদীয়ায় রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চরিত্রের মধ্যে অসাম্প্রদায়িক ভাবের যে সঞ্চার ঘটাতে শুরু করেছিলেন, তা লালন, মওলানা জহুরুদ্দিন, পাঞ্জুসা, দেলবার শাহ ও ঘোষপাড়ার সতী মা পর্যন্ত এসে ঠেকে। অনুষ্ঠানে বেশির ভাগ গানই ছিল অপ্রচলিত। গভীর রাত পর্যন্ত গানের তত্ত্বগত দিক ব্যাখ্যা করার পাশাপাশি শ্রোতাদের প্রাসঙ্গিক প্রশ্নের জবাব দিচ্ছিলেন ফরহাদ মজহার। গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—‘বুঝবি রে গৌর প্রেমের কালে, আমার মতো প্রাণ কাঁদিলে...’। ধররে অধর চাঁদেরে অধরে অধর দিয়ে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধো ভক্তিরসে...’ ইত্যাদি। গভীর রাত পর্যন্ত শ্রোতারা আগ্রহভরে বসেছিলেন। অনুষ্ঠানের শুরুতে হ্যারিটেজ রাজশাহীর সম্পাদক মাহমুদ হাসান স্বাগত বক্তব্য রাখেন।