রাজশাহীতে কয়েকটি টিভি চ্যানেলের কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
রাজশাহীতে আজ শনিবার দুপুরে বিএনপির মিছিল থেকে বেশ কয়েকটি টিভি চ্যানেলের কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে নগরের সোনাদীঘি মসজিদের সামনে দিয়ে বিএনপির একটি মিছিল যাচ্ছিল। এই সড়কে রেড ক্রিসেন্ট ভবনের তৃতীয় তলায় বেশ কয়েকটি টিভি চ্যানেলের কার্যালয় রয়েছে। মিছিল থেকে দুটি ককটেল তৃতীয় তলায় টিভি চ্যানেলের কার্যালয়ের সামনে ছোড়া হয়। এ সময় বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি। এতে সংবাদকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে সোনাদীঘি মসজিদের সামনেও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সদস্য মোসাদ্দেক হোসেন ঘটনার কথা স্বীকার করে বলেন, তাঁদের সংগঠনের কারও এই কাজ করার কথা নয়। কেউ হয়তো চোরাগোপ্তা করেছে। তাঁরা তাঁদের চিহ্নিত করতে পারেননি।