রাজশাহীতে খবর এল সন্ধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় খবরটি আসে টেলিফোনে। তখন তো এখনকার মতো ডিজিটাল ফোন ছিল না। ট্রাংক-কল বুক করতে হতো। তারপর সংযোগ দেওয়া হতো। সে সংযোগ পেতে এক ঘণ্টা, দুই ঘণ্টা, কখনো দিনও চলে যেত। তখনো রাজশাহীর মানুষ কলকাতার পত্রপত্রিকার ওপরই নির্ভরশীল ছিল। পত্রিকায় খবর পাওয়া যেত আরও দু-এক দিন পর। টেলিফোন বার্তাটি বিদ্যুত্-বেগে রাজশাহী শহরে ছড়িয়ে পড়ল, ‘ঢাকায় ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করেছেন। ছাত্রদের মিছিলে গুলি চালানো হয়েছে, অনেক ছাত্র শহীদ হয়েছেন।’ খবর শুনে শহরের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। তখন আমি রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। প্রেসিডেন্সি কলেজের পরেই ছিল এ কলেজের স্থান। পূর্ব পাকিস্তানের সব অঞ্চল থেকেই ছাত্ররা এ কলেজে পড়তে আসতেন, কিন্তু এখানে স্নাতকোত্তর শ্রেণীতে পড়ার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। রাজশাহী কলেজ থেকে স্নাতক পাস করে সবাই ঢাকায় পড়তে যেতেন। এসব ছাত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হাবিবুর রহমান। পরে জানা গেছে, ঢাকায় প্রথম ১০ জনের মিছিলে তিনিই নেতৃত্ব দিয়েছিলেন। রাজশাহী শহরের জনবসতি তখন পূর্ব দিকে বোসপাড়া পশ্চিম দিকে গির্জা আর উত্তর দিকে অলকার মোড় ও বেলদারপাড়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এ মহল্লাগুলো থেকে তখন অনেকেই ঢাকায় পড়াশোনা করতে গেছেন। শুধু জানা গেছে, ছাত্র মারা গেছেন। তাঁরা কারা? রাজশাহীর কেউ আছেন কি না, তখন জানা যায়নি। অজানা আতঙ্ক সব পরিবারেই। কার কোল খালি হলো, কে জানে! এ সময় সব বাড়ি থেকেই ভেসে আসতে থাকে কান্নার আওয়াজ। এটি রাজশাহীর ছাত্রসমাজকে খুবই আবেগতাড়িত করে। তাত্ক্ষণিকভাবে রাজশাহী কলেজ হোস্টেলের ‘এ’ ব্লকের সামনে এক সভার মাধ্যমে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করার জন্য অকুতোভয় নির্ভীক ছাত্রসমাজ সোচ্চার হয়ে ওঠে। সে সভায় সংগ্রাম পরিষদের সভাপতি নির্বাচিত হন তত্কালীন রাজশাহী মেডিকেল স্কুলের ছাত্র এস এম এ গাফফার এবং যৌথভাবে সম্পাদক নির্বাচিত হয়েছিলেন রাজশাহী কলেজের ছাত্র গোলাম আরিফ ও হাবিবুর রহমান। আগেও রাজনৈতিক দলের সংগ্রাম পরিষদ ছিল। কিন্তু সে দিন শুধু ছাত্রদের নিয়ে সংগ্রাম পরিষদ গঠন করা হলো। এ পরিষদ গঠনের পর ঢাকায় নিহতদের প্রতি সম্মান জানানোর জন্য একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের তাগিদ অনুভব করেন সবাই। সে সময় ওই পরিষদের সদস্য যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে এখনো বেঁচে আছেন আইনজীবী গোলাম আরিফ, আবুল হোসেন, মোশাররফ হোসেন আখুঞ্জী ও আইনজীবী আবদুর রাজ্জাক। সর্বশেষ গত বছর মারা গেছেন বেগম মনোয়ারা রহমান। তখন আমরা জানি না, ঢাকায় কতজন শহীদ হয়েছেন। তাঁরা রাজশাহীর না অন্য জেলার, সে হিসাব করার অবকাশ যেমন তখন ছিল না। তেমনি জানা ছিল না স্মৃতিস্তম্ভ সম্পর্কে কোনো ধারণা। তাত্ক্ষণিক সিদ্ধান্তের কাজ। কী দিয়ে স্মৃতিস্তম্ভ বানানো হবে? খুঁজতে খুঁজতে পাওয়া গেল হোস্টেলের দেয়ালভাঙা ইট। সিদ্ধান্ত হলো, ওই ইট দিয়েই বানানো হবে শহীদ স্মৃতিস্তম্ভ। সঙ্গে সঙ্গে চারদিকে সাড়া পড়ে গেল, ছাত্রদের সঙ্গে হোস্টেলের কর্মচারী বয়-বেয়ারা যাঁরা ছিলেন, সবাই ইট ধোয়ামোছা শুরু করে দিলেন। ইট তো পাওয়া গেল। সিমেন্টের আর ব্যবস্থা করা গেল না। সিমেন্টের বদলে কাদা দিয়ে শহীদ মিনার তৈরির কাজ শুরু করা হলো। শহীদ মিনারের কোনো নকশা সম্বন্ধে তখন কারও কোনো ধারণা নেই। অদক্ষ হাতে চার স্তরবিশিষ্ট স্তম্ভটি বানাতে রাত শেষ হয়ে এল। কাগজ সেঁটে এর গায়ে এক পাশে লেখা হলো: ‘শহীদ স্মৃতিস্তম্ভ’। অপর পাশে লেখা হলো রবীন্দ্রনাথের সেই অমর কবিতার কয়েকটি চরণ: ‘নিঃশেষে প্রাণ যে করিবে দান...।’২২ ফেব্রুয়ারি সকালবেলা আমরা প্রচার কাজের জন্য সাহেববাজার এলাকায় কিছু টাকা-পয়সা সংগ্রহ করতে ঢুকেছি। এমন সময় কে যেন এসে খবর দিল, স্মৃতিস্তম্ভের দিকে এক দল পুলিশ যাচ্ছে। এ খবর শুনে সেখানে গিয়ে দেখি, ওখানে আর কিছু নেই। পুলিশ ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে। স্মৃতিস্তম্ভটি তৈরির সময়ই প্রয়াত মহসীন প্রামাণিক তাঁর একটি ছবি তুলে রেখেছিলেন। পরে ওই ছবিটিই শুধু স্মৃতি হয়েছিল। একাত্তরের যুদ্ধের সময় মহসীন প্রামাণিক ওই ছবি বুকের মধ্যে করে লুকিয়ে ভারতে নিয়ে গিয়েছিলেন। আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল, ওই জায়গায় একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক। গত বছর একুশে ফেব্রুয়ারি রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান সেখানে অনুরূপ একটি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানেও আমি উপস্থিত ছিলাম। আমরা দাবি করে থাকি এবং প্রমাণও হয়েছে, ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতি উদ্দেশে তৈরি এটিই দেশের প্রথম স্মৃতিস্তম্ভ।