রাজশাহীতে খেজুরগাছের জন্য প্রাণ গেল দুই ভাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি খেজুরগাছের দখল নিয়ে চলা বিরোধের জের ধরে রাজশাহীর চারঘাটে প্রাণ হারিয়েছেন দুই ভাই। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাইয়ের নাম নজমুল ও নাজমুল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁদের চাচাসহ পরিবারের চারজনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চারঘাটের সারদা ইউনিয়নের হুজরপাড়া গ্রামের মৃত আলমের পরিবার এবং তাঁর ছোট ভাই বাচ্চুর (৫৫) পরিবারের জমির সীমানায় একটি খেজুরগাছ জন্মায়। এবার প্রথমবারের মতো খেজুরগাছটি রস দেওয়ার উপযোগী হয়। উভয় পরিবারের মধ্যে গাছটির মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বাচ্চু দাবি করেন, গাছটি তাঁর সীমানায়। আর তাঁর ভাতিজা নজমুল ও নাজমুলের দাবি, গাছটি তাঁদের আঙিনায়।আজ দুপুর ১২টার দিকে নজমুল গাছটিতে রসের ঘাট তৈরি করতে যান। এ সময় তাঁর চাচা বাচ্চুসহ পরিবারের সদস্যরা ফলা, হাঁসুয়া ও লাঠি নিয়ে নজমুলের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই নজমুলের মৃত্যু হয়। এ সময় তাঁর ছোট ভাই নাজমুলও গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।খবর পেয়ে চারঘাট থানার পুলিশ স্ত্রী, মেয়ে, ছেলেসহ বাচ্চুকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আজ বিকেলে নজমুলের স্ত্রী ফেরদৌসী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে আসামিদের আটক করে নিয়ে এসেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাচ্চু হত্যার দায় স্বীকার করেছেন।